বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা আর নতুন প্রজন্মের চিপসেট নিয়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে আসছে শাওমি ১৮ প্রো ম্যাক্স। এরই মধ্যে ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
শাওমির নতুন এই ফোনটি বুধবার (২৩ সেপ্টেম্বর) চীনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হওয়ার কথা রয়েছে।
শাওমি ১৮ প্রো ম্যাক্সকে চলতি বছরের অন্যতম বড় ফ্ল্যাগশিপ ফোন হিসেবে প্রস্তুত করা হচ্ছে। ফোনটির সঙ্গে থাকবে শাওমির নতুন হাইপারওএস ৪ সফটওয়্যার এবং পেছনে আলাদা একটি পর্দা। এই পেছনের পর্দায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বিভিন্ন অ্যাপ্লিকেশন কার্ড ব্যবহার করা যাবে।
৮৫০০ এমএএইচ ব্যাটারি
শাওমি ১৮ প্রো ম্যাক্সের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্যগুলোর একটি হতে যাচ্ছে এর ব্যাটারি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটিতে ৮৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে। একই সিরিজের শাওমি ১৮ প্রো মডেলে থাকবে ৭০০০ এমএএইচ ব্যাটারি।
এত বড় ব্যাটারির ফলে দীর্ঘ সময় ফোন ব্যবহার করা যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে ব্যাটারির প্রকৃত ব্যবহারকাল জানতে ফোনটি হাতে পাওয়ার পর বাস্তব পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করতে হবে।
২ ন্যানোমিটারের নতুন চিপ
শাওমি জানিয়েছে, ১৮ প্রো সিরিজে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। গেট-অল-এরাউন্ড প্রযুক্তির এই চিপ কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ খরচ কমাতে পারে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
তবে চিপটির আনুষ্ঠানিক নাম শাওমি এখনো প্রকাশ করেনি। এর আগে প্রকাশিত গিকবেঞ্চ তথ্যের ভিত্তিতে শাওমি ১৮ প্রো ম্যাক্সে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ প্রো চিপ ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে। পরীক্ষামূলক একটি ফোনে ১৬ জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড ১৭ দেখা গেছে।
গিকবেঞ্চে ওই ফোনটি একক কোর পরীক্ষায় ৩ হাজার ৩৮১ এবং বহুকোর পরীক্ষায় ১০ হাজার ৯২০ পয়েন্ট পেয়েছে। তবে এটি পরীক্ষামূলক সংস্করণ হওয়ায় চূড়ান্ত ফোনের পারফরম্যান্সের সঙ্গে এই ফলের পার্থক্য থাকতে পারে।
দুটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার গুঞ্জন
ক্যামেরার দিক থেকেও বড় আপগ্রেড দেখা যেতে পারে শাওমি ১৮ প্রো ম্যাক্সে। বিভিন্ন প্রতিবেদনে ফোনটিতে দুটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকার কথা বলা হয়েছে। সিরিজটির ক্যামেরায় লাইকা প্রযুক্তি থাকবে বলেও শাওমি জানিয়েছে।
শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সে একই ধরনের ক্যামেরা ও পর্দা প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। দুই মডেলের বড় পার্থক্যগুলোর একটি হবে ব্যাটারির ক্ষমতা।
পেছনেও থাকছে ডিসপ্লে
শাওমি ১৮ প্রো ম্যাক্সের নকশার সবচেয়ে আলাদা দিক হতে পারে পেছনের দ্বিতীয় ডিসপ্লে। আগের প্রজন্মের নকশা ধরে রেখে এবার এর চারপাশের বেজেল আরও সরু করা হয়েছে। ফোনের পাশে নতুন একটি বাটনও যুক্ত করা হয়েছে।
এই পেছনের ডিসপ্লেতে শুধু ছবি বা নোটিফিকেশন দেখানো নয়, বিভিন্ন ছোটখাটো কাজও করা যাবে। এর মধ্যে রান্নার সময় নির্ধারণ, প্রতিদিনের পানি পানের হিসাব, মনোযোগ ধরে রাখার মোড বা বিভিন্ন শব্দ মুখস্থ করার মতো সুবিধা থাকবে বলে জানিয়েছে শাওমি।
এর আরও বড় বৈশিষ্ট্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন অ্যাপ্লিকেশন কার্ড তৈরি করতে পারবেন।
শাওমির প্রেসিডেন্ট লু ওয়েইবিং জানিয়েছেন, আগের বছর চালু হওয়া পেছনের ডিসপ্লের বিভিন্ন অ্যাপ্লিকেশন কার্ড দিনে ৪০ লাখের বেশি বার ব্যবহার করা হচ্ছে। একই সময়ে প্রতিদিন ৩৫ লাখের বেশি নতুন ওয়ালপেপার এই পর্দায় যুক্ত হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে কবে বাজারে আসবে?
শাওমি ১৮ প্রো সিরিজের আনুষ্ঠানিক উন্মোচন ২৩ সেপ্টেম্বর চীনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। সেখানে শাওমি ১৮ প্রো এবং শাওমি ১৮ প্রো ম্যাক্স—দুটি মডেল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
তবে চীনের বাইরে, বিশেষ করে বাংলাদেশে ফোনটি কবে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হবে এবং এর দাম কত হবে—এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি শাওমি। তাই বাংলাদেশি বাজারের সম্ভাব্য দাম নিয়ে এখনই নিশ্চিত কোনো সংখ্যা বলা যাচ্ছে না।
শাওমি বাংলাদেশের ওয়েবসাইটেও ১৮ প্রো ম্যাক্সের কোনো মূল্য বা বিক্রয় তথ্য এখনো দেখা যাচ্ছে না।
বুধবারে অনুষ্ঠানে ফোনটির চূড়ান্ত দাম, পূর্ণাঙ্গ ক্যামেরা কনফিগারেশন, চার্জিং প্রযুক্তি, র্যাম-স্টোরেজের বিভিন্ন সংস্করণ এবং আন্তর্জাতিক বাজারে আসার তথ্য আরও পরিষ্কার হবে।
https://slotbet.online/