গাজীপুর মহানগরীতে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আমেরিকা থেকে আমদানি করা পরিবেশবান্ধব লার্ভিসাইড ‘বিটিআই’ স্প্রে কার্যক্রম শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম, সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলি সুদীপ বসাক, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মাদ রহমত উল্লাহ, উপ সহকারী প্রকৌশলি আমজাদ হোসেনসগহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “এটি আমেরিকা থেকে আমদানি করা একটি দামি ও কার্যকর লার্ভিসাইড। এর প্রধান বৈশিষ্ট্য হলো—এটি মানবদেহ ও পরিবেশের কোনো ক্ষতি করে না। এটি কেবল মশার লার্ভা ধ্বংস করে এবং মশার বংশবিস্তার রোধে কাজ করে।” তিনি বলেন, নগরীর ৫৭টি ওয়ার্ডের মধ্যে মশার প্রাদুর্ভাব ও ডেঙ্গুর ঝুঁকি বিবেচনায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ ৯টি ওয়ার্ডকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। এসব এলাকায় জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংস করতে বিটিআই লার্ভিসাইড প্রয়োগ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে নগরীর সব কটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
বিটিআই স্প্রে করার মাধ্যমে পুরো সিটি কর্পোরেশন এলাকায় মশার যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাবাদী। সিটি কর্পোরেশনের প্রশাসক নগরবাসীকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন তিনি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সিটি কর্পোরেশনের এ উদ্যোগের ফলে নগরীতে মশার প্রাদুর্ভাব কমার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও নিয়ন্ত্রণে আসবে। এতে স্বস্তি ফিরবে গাজীপুরের নগরবাসীর মধ্যে।
https://slotbet.online/