গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি হাসপাতালটির অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, হাসপাতালের বর্তমান পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মোহা. আমিনুল ইসলামকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁর কর্মস্থল নির্ধারণ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৯ অক্টোবর থেকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।