গাজীপুরের বন ও পরিবেশ সুরক্ষা, বনভূমি দখলমুক্তকরণ, বন অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় বন বিভাগের সেবা পৌঁছে দেওয়ার দাবিতে ৫ দফা দাবি জানিয়েছে গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) ও জনস্বার্থ উন্নয়ন ট্রাস্ট (PID Trust)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় জয়দেবপুরের শহীদ নিয়ামত সড়কের শায়লা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চলসমৃদ্ধ জেলা। বনভূমি জবরদখল, অবৈধ স্থাপনা, বন উজাড় ও বিভিন্ন ধরনের বন অপরাধের কারণে জেলার বন ও পরিবেশ ক্রমাগত হুমকির মুখে পড়ছে। বন রক্ষায় কার্যকর প্রশাসনিক কাঠামো, নিয়মিত তদারকি ও দ্রুত আইন প্রয়োগ প্রয়োজন।
আয়োজকরা বলেন, বর্তমানে ‘ঢাকা বন বিভাগ’ ও ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগ’-এর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় রাজধানীর মহাখালীতে অবস্থিত। গাজীপুরের বনাঞ্চল-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক সেবার জন্য সাধারণ মানুষকে ঢাকায় যেতে হয়। এতে সময়, অর্থ ও শ্রম ব্যয়ের পাশাপাশি জনভোগান্তি সৃষ্টি হচ্ছে।
এ কারণে গাজীপুর জেলার বনাঞ্চল ও বন প্রশাসনের জন্য পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠার দাবি জানান তারা। একই সঙ্গে বন সংরক্ষণ, বনভূমি উদ্ধার, বন অপরাধ নিয়ন্ত্রণ ও মাঠপর্যায়ের তদারকি জোরদারের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে—‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠা ও গাজীপুরকেন্দ্রিক বন প্রশাসন গড়ে তোলা; বন ক্যাডার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান; জবরদখলকৃত বনভূমি উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ; যথাযথ তদন্তের মাধ্যমে হয়রানিমূলক বন মামলা প্রত্যাহারের ব্যবস্থা এবং বন অপরাধে জড়িত সরকারি-বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
বক্তারা বলেন, বন রক্ষা শুধু বন বিভাগের একক দায়িত্ব নয়; রাষ্ট্র, প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। গাজীপুরের বনাঞ্চল ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ আন্দোলনের সভাপতি মো. মোছাদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ও জনস্বার্থ উন্নয়ন ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মো. মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা ফেডরিক মুকুল বিশ্বাস, নির্বাহী সহ-সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মো. ইসমাইল মোল্যা এবং দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রুবেলসহ সংগঠনের নেতৃবৃন্দ।
https://slotbet.online/