• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, বেশিরভাগই মানবপাচারের শিকার খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: সেলিম উদ্দিন আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: অবরোধের চেষ্টা ব্যর্থ, বিভিন্ন কারখানায় ছুটি ব্যাটিংয়ে নামার আগেই বোল্ড, বিগ ব্যাশের অদ্ভুত নিয়মের শিকার ডটিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

জেন-জির প্রেম, প্রত্যাখ্যান ও মানসিক সংকটের গল্প ‘দার-এ-নাজাত’

বিনোদন ডেস্ক / ১২ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

তরুণ প্রজন্মকে প্রায়ই বলা হয় আত্মকেন্দ্রিক, অস্থির, অতিরিক্ত প্রযুক্তিনির্ভর কিংবা দায়িত্বজ্ঞানহীন। কিন্তু তাদের আচরণের পেছনে থাকা মানসিক চাপ, পরিচয়সংকট ও সম্পর্কের জটিলতা নিয়ে আলোচনা তুলনামূলক কম।

বিশেষ করে জেন-জি প্রজন্মের জীবনে ভালোবাসা, প্রত্যাখ্যান, পারিবারিক প্রত্যাশা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব কীভাবে কাজ করছে, সেই বিষয়গুলোই উঠে এসেছে পাকিস্তানি নাটক ‘দার-এ-নাজাত’-এ। আর সে কারণেই নাটকটি নতুন প্রজন্মকে আকৃষ্ট করেছে দারুণভাবে।

নাটকটির লেখক উমেরা আহমেদ এবং পরিচালক সাকিব খান। চার তরুণ চরিত্র জারিয়াব, জামিল, আবু বকর ও হামনাকে ঘিরে এগিয়েছে গল্প। তাদের প্রত্যেকের জীবনেই রয়েছে আলাদা সংকট। কেউ ভালোবাসার স্বীকৃতি খুঁজছে, কেউ ব্যর্থতা আড়াল করতে নতুন পরিচয় তৈরি করছে, আবার কেউ অন্যের দায়িত্ব নিতে গিয়ে নিজের চাওয়া-পাওয়াকে উপেক্ষা করছে।

সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এ প্রকাশিত এক বিশ্লেষণধর্মী লেখায় মানসিক স্বাস্থ্য পেশাজীবী সারওয়াত এন শাহ নাটকটির চার তরুণ চরিত্রকে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। তার মতে, ‘দার-এ-নাজাত’ কেবল তরুণদের ভুল সিদ্ধান্ত কিংবা নৈতিকতার গল্প নয়; বরং তাদের বেড়ে ওঠা, পারিবারিক পরিবেশ, আবেগের ইতিহাস এবং সম্পর্কের অভিজ্ঞতা কীভাবে জীবনের সিদ্ধান্তকে প্রভাবিত করে, সেটিও তুলে ধরে।

নাটকের জারিয়াব চরিত্রে অভিনয় করেছেন দুর-এ-ফিশান সেলিম। উচ্চবিত্ত পরিবারের স্বাধীনচেতা এই তরুণী হার্ভার্ডে পড়ার সুযোগ পায়। কিন্তু জামিলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তার মধ্যে তৈরি হয় এক ধরনের নিরাপত্তাহীনতা। ভালোবাসা হারানোর ভয় এবং বারবার স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা তার আচরণে প্রভাব ফেলে। জামিলের সঙ্গে বিচ্ছেদের পর আতঙ্ক ও মানসিক অস্থিরতার মধ্যেও পড়ে সে।

মনস্তাত্ত্বিক বিশ্লেষণে জারিয়াবের এই আচরণকে ‘অ্যানজিয়াস অ্যাটাচমেন্ট’ বা উদ্বিগ্ন সংযুক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। এ ধরনের প্রবণতায় মানুষ প্রত্যাখ্যাত হওয়ার ভয় পায় এবং অন্যের স্বীকৃতি ও আশ্বাসের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে উঠতে পারে। জারিয়াবের ক্ষেত্রে সম্পর্ক ভেঙে যাওয়া শুধু ভালোবাসার বিচ্ছেদ নয়, নিজের আত্মপরিচয় ও আত্মমর্যাদা নিয়েও সংকট তৈরি করে।

অন্যদিকে, জামিল চরিত্রে রয়েছেন নামির খান। সচ্ছল পরিবারে বেড়ে উঠলেও তার মধ্যে রয়েছে আবেগগত অনিরাপত্তা। হার্ভার্ডে ভর্তির সুযোগ না পাওয়া তার আত্মবিশ্বাসে আঘাত করে। বিশেষ করে জারিয়াব সেখানে সুযোগ পাওয়ায় নিজের ব্যর্থতাকে আরও তীব্রভাবে অনুভব করে সে। পরে সম্পর্ক থেকে সরে যাওয়া, বাস্তবতা এড়িয়ে চলা এবং ধর্মীয় পরিচয়ের বাহ্যিক পরিবর্তনের মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করে জামিল।

বিশ্লেষণে তার আচরণকে ‘অ্যাভয়ডেন্ট অ্যাটাচমেন্ট’ বা এড়িয়ে চলার প্রবণতার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। এই প্রবণতায় কেউ আবেগ প্রকাশ কিংবা ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখতে চায়। নিজের দুর্বলতা স্বীকার করার বদলে আত্মনির্ভরতার আড়ালে তা ঢেকে রাখার চেষ্টা করে। জামিলের সংকটও অনেকটা সেখানেই- বাহ্যিক পরিচয় বদলালেও নিজের ভুল ও আবেগগত দুর্বলতার মুখোমুখি হতে পারে না সে।

নাটকের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র আবু বকর। অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। একক মায়ের কাছে বেড়ে ওঠা আবু বকর দায়িত্বশীল, সহানুভূতিশীল ও পরোপকারী। অন্যের বিপদে এগিয়ে আসে, জারিয়াবের কঠিন সময়েও পাশে দাঁড়ায়। তবে মায়ের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত ও স্বাধীনতার প্রশ্নে অনেক সময় আপস করে।

মনস্তাত্ত্বিক বিশ্লেষণে আবু বকরের এই দিকটিকে ‘ইমোশনাল এনমেশমেন্ট’ বা আবেগগত সীমারেখা অস্পষ্ট হয়ে যাওয়ার ধারণার সঙ্গে যুক্ত করা হয়েছে। অর্থাৎ, পরিবারের সদস্যদের আবেগ ও প্রত্যাশা এতটাই একে অন্যের সঙ্গে জড়িয়ে যায় যে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার জায়গা সংকুচিত হয়ে পড়ে। অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের প্রয়োজন ভুলে যাওয়ার প্রবণতাও তার চরিত্রে দেখা যায়। তার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সহানুভূতি দেখানোর পাশাপাশি ব্যক্তিগত সীমারেখা বজায় রাখাও জরুরি।

অন্যদিকে, হামনা চরিত্রে অভিনয় করেছেন রোমাইসা খান। আবু বকরের গৃহকর্মীর মেয়ে হামনা একসময় হয়রানির শিকার হলে আবু বকর তাকে রক্ষা করে। এরপর তার প্রতি হামনার গভীর আকর্ষণ তৈরি হয়। কিন্তু সেই আকর্ষণের সঙ্গে জড়িয়ে থাকে কৃতজ্ঞতা ও আবেগগত নির্ভরতা। পরবর্তী সময়ে জামিলের সঙ্গে তার বিয়ে হয়।

বিশ্লেষকের মতে, হামনার চরিত্রে ‘আইডিয়ালাইজড অ্যাটাচমেন্ট’ বা কাউকে অতিরিক্ত আদর্শ মানুষ হিসেবে কল্পনা করার প্রবণতা দেখা যায়। বিপদের মুহূর্তে কেউ নিরাপত্তা দিলে তার প্রতি কৃতজ্ঞতা কখনো কখনো গভীর আবেগে রূপ নিতে পারে। তবে কৃতজ্ঞতা মানেই কারও জীবনে অধিকার তৈরি হওয়া নয়। নিজের আত্মমর্যাদা ও স্বতন্ত্র পরিচয় গড়ে তোলাই হামনার জন্য গুরুত্বপূর্ণ।

নাটকটির বিশ্লেষণে শুধু তরুণদের নয়, তাদের পরিবার ও আগের প্রজন্মের ভূমিকার কথাও উঠে এসেছে। দাদা-দাদি বা নানা-নানিদের প্রজন্মের দায়িত্ববোধ, জেনারেশন এক্সের সংগ্রাম এবং মিলেনিয়াল প্রজন্মের সন্তান লালন-পালনের ধরন- সবকিছুই পরবর্তী প্রজন্মের মানসিক গঠনে প্রভাব ফেলে। এক প্রজন্মের অমীমাংসিত সমস্যা কখনো কখনো পরবর্তী প্রজন্মের জীবনে নতুন সংকট তৈরি করে।

সব মিলিয়ে ‘দার-এ-নাজাত’ তরুণদের ভুল-শুদ্ধের হিসাবের বাইরে গিয়ে তাদের আবেগ, পারিবারিক অভিজ্ঞতা ও আত্মপরিচয়ের অনুসন্ধানকে সামনে এনেছে।

বিশ্লেষকের বক্তব্য, জেন-জি প্রজন্মকে শুধু বিচার না করে তাদের সংকট বোঝার চেষ্টা করা প্রয়োজন। তাদের প্রতিটি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা কিংবা একা ছেড়ে দেওয়ার বদলে সহমর্মিতা, খোলামেলা যোগাযোগ ও সুস্থ ব্যক্তিগত সীমারেখার মাধ্যমে পাশে থাকা জরুরি।

নাটকটির নামের অর্থও যেন সেই ভাবনার সঙ্গে মিলে যায় – মুক্তির পথ। আর সেই পথ খুঁজে পেতে কখনো কখনো নিজের ভেতরের সংকটের মুখোমুখি হওয়ার পাশাপাশি প্রয়োজন হয় অন্যের সহানুভূতি ও বোঝাপড়া।

Share this news as a Photo Card


আরো নিউজ

জেন-জির প্রেম, প্রত্যাখ্যান ও মানসিক সংকটের গল্প ‘দার-এ-নাজাত’

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জেন-জির প্রেম, প্রত্যাখ্যান ও মানসিক সংকটের গল্প ‘দার-এ-নাজাত’

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com