• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৮ বছরের বন্দিজীবন শেষে পরিবারের কাছে ফিরছেন বাদল ফরাজী গাজীপুরে শ্রমিক আন্দোলনের ২৪তম দিন, উত্তাল মহাসড়ক, ৭০ কারখানা বন্ধ পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বিরোধ, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার জিয়াউলের ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের নেওয়া হতো: রাষ্ট্রপক্ষ কে এই সৈয়দ মোজাম্মেল আলী, যার মাধ্যমে দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা? আগুন-সন্ত্রাসের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগকে দায়ী করলেন সমাজকল্যাণমন্ত্রী ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের বৈভব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ দূতাবাস

কে এই সৈয়দ মোজাম্মেল আলী, যার মাধ্যমে দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা?

প্রবাস পোস্ট ডেস্ক / ১১ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ভারত থেকে বাংলাদেশে ফিরতে চান। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি, এমন সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে হাসিনার দেশে ফেরার ইচ্ছার কথা রয়টার্সকে জানিয়েছেন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। এই বক্তব্যের পরই নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি।

তবে কে এই সৈয়দ মোজাম্মেল আলী? তার পরিচয়, পেশা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা কী, এমন কৌতূহল জেগেছে মানুষের মনে।

কে এই মোজাম্মেল আলী

জানা গেছে, সৈয়দ মোজাম্মেল আলী একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও ব্যবসায়ী, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখালেখি এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা-পর্যালোচনায় যুক্ত রয়েছেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে তাকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।

যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধন-সংক্রান্ত নথি অনুযায়ী, মোজাম্মেল আলীর জন্ম ১৯৪৯ সালের জানুয়ারিতে। তিনি ব্রিটিশ নাগরিক এবং দেশটির সারে অঞ্চলে বসবাস করেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পরিসরেও সক্রিয় রয়েছেন তিনি।

মোজাম্মেল আলী লন্ডনভিত্তিক বাংলাদেশবিষয়ক গবেষণা ও আলোচনামূলক প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার, উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

একজন বিশ্লেষক হিসেবে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিবন্ধ ও মতামত প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড তুলে ধরা এবং দলটির বিরুদ্ধে ওঠা বিভিন্ন সমালোচনার জবাব দেওয়ার ক্ষেত্রে তাকে সক্রিয় দেখা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগের পর আন্তর্জাতিক গণমাধ্যমে তার পক্ষে বক্তব্য ও বিবৃতি দিয়ে আলোচনায় আসেন মোজাম্মেল আলী। শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে বিদেশি সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি।

সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা জানান এই মুখপাত্র। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল, তাই এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে একইভাবে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।

তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফেরা নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

দেশে ফিরলে গ্রেপ্তারের ঘোষণা সরকারের

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এমন এক সময়ে সামনে এলো, যখন তার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় রয়েছে।

গত ২৩ নভেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে ভারত থেকে তাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অবস্থানও স্পষ্ট করেছেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। এ বিষয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে ঢাকা।

এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ফলে তার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক আলোচনার পাশাপাশি আইনি দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

কে এই সৈয়দ মোজাম্মেল আলী, যার মাধ্যমে দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা?

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

কে এই সৈয়দ মোজাম্মেল আলী, যার মাধ্যমে দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা?

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com