গাজীপুরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়নে ৭৩টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেছে জেলা পরিষদ। একই সঙ্গে এক প্রতিবন্ধী মাদ্রাসা শিক্ষার্থীর পড়াশোনা এগিয়ে নিতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এসব চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন।
আয়োজকরা জানান, ২০২৫-২৬ অর্থবছরে জেলা পরিষদের রাজস্ব ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের আওতায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ৭৩টি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গাজীপুরে জেলা পরিষদের মাধ্যমে এক হাজার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ৭৩টি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। পাশাপাশি একজন প্রতিবন্ধী মাদ্রাসা শিক্ষার্থীর শিক্ষাজীবন এগিয়ে নিতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করা হচ্ছে।