• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৭৩টি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে জেলা পরিষদের অনুদান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ ও নিরপেক্ষ তদন্ত দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ নিজেদের সন্তান বিদেশে, অন্যের সন্তান রাজনীতিতে ব্যবহার: হাসনাত আব্দুল্লাহ ২৫ অক্টোবর থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম দুর্গাপূজা উপলক্ষে সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ বিশ্বজুড়ে বিক্ষোভের আগুন, ক্ষোভের কেন্দ্রে জীবনযাত্রার ব্যয় সৌদিতে বাংলাদেশিদের ন্যায়বিচার নিশ্চিত করতে কতটা তৎপর দূতাবাস? সুরা বাকারায় গাভির ঘটনা: কোরআনের বর্ণনা ও প্রচলিত কাহিনি বেগম খালেদা জিয়ার নামে আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু

বিশ্বজুড়ে বিক্ষোভের আগুন, ক্ষোভের কেন্দ্রে জীবনযাত্রার ব্যয়

আন্তর্জাতিক ডেস্ক / ৩ টাইম:
আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, ইতালি, আলবেনিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও তুরস্কে নানা দাবিতে রাস্তায় নেমেছেন মানুষ। কোথাও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বাড়িভাড়ার চাপ, কোথাও শিক্ষায় সরকারি বরাদ্দ কমানো, আবার কোথাও পেনশন ও কর্মসংস্থানের সংকট বিক্ষোভের প্রধান কারণ হয়ে উঠেছে।

দেশভেদে দাবিগুলো আলাদা হলেও এসব আন্দোলনের পেছনে কিছু অভিন্ন ক্ষোভ রয়েছে। মূল্যস্ফীতি, কমে যাওয়া ক্রয়ক্ষমতা, আবাসনের বাড়তি খরচ, সরকারি পরিষেবায় ব্যয় সংকোচন এবং ক্ষমতাসীনদের প্রতি অসন্তোষ মানুষকে রাজপথে নামাচ্ছে। ফ্রান্স ও আলবেনিয়ায় বিক্ষোভ সরকারের নীতির ওপর বিশেষ চাপ তৈরি করেছে। কোনো কোনো স্থানে আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থা নিয়ে বিক্ষোভ

ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভের পেছনে রয়েছে দুটি বড় ইস্যু। একদিকে জ্বালানির দাম ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে মানুষের ক্ষোভ, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ এবং শিক্ষায় বরাদ্দ কমানোর প্রতিবাদে শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলন। প্রেসিডেন্ট নির্বাচনের আগে এসব ইস্যুতে সরকারের ওপর চাপ বাড়ছে।

রোববার (১৭ অক্টোবর) ফ্রান্সের লিওঁ শহরে বিক্ষোভ চলাকালে স্থানীয় পর্যটন দপ্তরে আগুন ধরিয়ে দেওয়া হয়/ ছবি: এএফপি

রোববার (১৭ অক্টোবর) ফ্রান্সের লিওঁ শহরে বিক্ষোভ চলাকালে স্থানীয় পর্যটন দপ্তরে আগুন ধরিয়ে দেওয়া হয়/ ছবি: এএফপি

ফ্রান্সের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আরেক মেয়াদে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ফলে আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার সরকারের নীতি ও রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে বিতর্কও বাড়ছে।

শিক্ষা নিয়ে আন্দোলনটি গত মাসে প্যারিসে শিক্ষার্থী ও শিক্ষকদের ছোট পরিসরের প্রতিবাদ হিসেবে শুরু হয়েছিল। তাদের দাবি ছিল, শিক্ষায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতির উন্নতি করতে হবে। পরে আন্দোলন দেশের আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে এবং অনেক জায়গায় ক্লাস ব্যাহত হয়েছে।

পরবর্তী সময়ে জ্বালানির মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভও বড় আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ফ্রান্স ২৪-কে জানান, কমে যাওয়া ক্রয়ক্ষমতার প্রতিবাদে দেশজুড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। শুধু প্যারিসেই রাস্তায় নামেন প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ।

বেলজিয়ামে ব্যয় সংকোচনের বিরুদ্ধে শিক্ষার্থীরা

বেলজিয়ামে পরিবারের ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি সরকারি খাতে ব্যয় কমানোর নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ে নিবন্ধন ফি বাড়ানোর আশঙ্কায় শিক্ষার্থীরা প্রতিবাদে নামেন। পরে আন্দোলন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বৃহত্তর বিক্ষোভে রূপ নেয়।

জাতীয় ধর্মঘটের সময় ব্রাসেলসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ/ ১২ অক্টোবর, ২০২৬ তারিখে তোলা ছবি/ এএফপি

জাতীয় ধর্মঘটের সময় ব্রাসেলসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ/ ১২ অক্টোবর, ২০২৬ তারিখে তোলা ছবি/ এএফপি

শুক্রবার (১৭ অক্টোবর) ব্রাসেলস ও লিয়েজে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে।

বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুইন্টিন বিক্ষোভকারীদের কর্মকাণ্ডকে ‘সমাজকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সংঘটিত, পরিকল্পিত ও বারবার ঘটানো সহিংসতা’ বলে অভিহিত করেন। তিনি বিক্ষোভকারীদের ‘দাঙ্গাকারী’ বলেও উল্লেখ করেন।

পর্তুগালে বাড়িভাড়া ও আবাসন ব্যয় নিয়ে ক্ষোভ

পর্তুগালের রাজধানী লিসবনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও সাশ্রয়ী আবাসনের অভাবের প্রতিবাদে হাজারো মানুষ মিছিল করেছেন। ২০১৭ সালের পর থেকে লিসবনসহ দেশটির অনেক শহরে আবাসিক সম্পত্তির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। নতুন চুক্তিতে বাড়িভাড়াও প্রায় একই হারে বেড়েছে।

রোববার (১৭ অক্টোবর) লিসবনে আবাসন সংকট, বাড়তি বাড়িভাড়া ও স্বল্প মজুরির বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা/ ছবি: এএফিপি

রোববার (১৭ অক্টোবর) লিসবনে আবাসন সংকট, বাড়তি বাড়িভাড়া ও স্বল্প মজুরির বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা/ ছবি: এএফিপি

এর ফলে বিশেষ করে তরুণ চাকরিজীবী ও নিম্ন আয়ের পরিবারগুলো চাপে পড়েছে। অনেকের কাছে সংকটটি এখন শুধু বাড়ি কিনতে না পারার মধ্যে সীমাবদ্ধ নেই; ভাড়া বাসায় থাকাও ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে।

ফ্রান্সের আন্দোলনের সঙ্গে পর্তুগালের বিক্ষোভের একটি পার্থক্য রয়েছে। পর্তুগালে প্রতিবাদ মূলত মজুরি, আবাসন এবং পরিবারের দৈনন্দিন ব্যয় সামলানোর সামর্থ্য নিয়ে সীমাবদ্ধ রয়েছে।

ইতালিতে কমছে ক্রয়ক্ষমতা

ইউরোপের অন্য দেশগুলোর মতো ইতালিতেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ক্রয়ক্ষমতা কমে যাওয়ার প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছেন। স্থবির মজুরি, মূল্যস্ফীতি ও দৈনন্দিন খরচ মেটানোর অসুবিধা নিয়ে মিলানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

রোববার (১৭ অক্টোবর) ইতালির মিলান শহরে সরকারবিরোধী বিক্ষোভ/ ছবি: এএফপি

রোববার (১৭ অক্টোবর) ইতালির মিলান শহরে সরকারবিরোধী বিক্ষোভ/ ছবি: এএফপি

তবে ইতালিতে বিক্ষোভের ব্যাপ্তি ফ্রান্সের তুলনায় ছোট ছিল। তারপরও মূল্যস্ফীতি ও আয়ের সঙ্গে ব্যয়ের অসামঞ্জস্য নিয়ে মানুষের ক্ষোভ যে বাড়ছে, এসব আন্দোলনে তার প্রতিফলন দেখা যাচ্ছে।

আলবেনিয়ায় শিক্ষার্থীদের আন্দোলন, সংঘর্ষ

আলবেনিয়ায় বিশ্ববিদ্যালয়ের দুরবস্থা, উচ্চশিক্ষার ব্যয়, আর্থিক সহায়তার অভাব ও স্নাতক হওয়ার পর কর্মসংস্থানের অনিশ্চয়তা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ছে। গত ১৩ অক্টোবর রাজধানী তিরানায় শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা ভবন লক্ষ্য করে ইট ও কংক্রিটের টুকরা ছুড়লে পুলিশ অভিযান চালায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আলবেনিয়ার রাজধানী তিরানায় সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে দাঙ্গা পুলিশের দিকে পাথর ছুড়ছেন এক বিক্ষোভকারী/ ছবি: এএফপি

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আলবেনিয়ার রাজধানী তিরানায় সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে দাঙ্গা পুলিশের দিকে পাথর ছুড়ছেন এক বিক্ষোভকারী/ ছবি: এএফপি

পরে আন্দোলনকারীদের দাবির পরিধি আরও বিস্তৃত হয়। এতে বৈষম্য, বেকারত্ব ও ধনী-দরিদ্রের ব্যবধান কমানোর বিষয়গুলোও যুক্ত হয়। স্নাতক হওয়ার পর দেশের অর্থনীতি তাদের কর্মসংস্থানের সুযোগ দিতে পারবে কি না, তা নিয়ে তরুণদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সরকারের ওপরও চাপ তৈরি হয়েছে।

ভারতে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিক্ষোভ

ভারতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্যালোচনা বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ করছে বিরোধী দলগুলো। তাদের সঙ্গে রয়েছে নতুন গঠিত ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে/ ফাইল ছবি: এএফপি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে/ ফাইল ছবি: এএফপি

বিদেশে শিক্ষিত জনসংযোগ পেশাজীবীর নেতৃত্বে গঠিত সিজেপির কয়েকজন সদস্য কংগ্রেস ও দলটির নেতা রাহুল গান্ধীর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন। এর আগে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা এনইইটি-র প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আন্দোলনেও অংশ নিয়েছিল গোষ্ঠীটি। ওই বিতর্কের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন নিয়ে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ সমাবেশ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায় ‘নো কিংস’ নেটওয়ার্কের উদ্যোগে দেশটির বিভিন্ন শহর ও জনপদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিতে মানুষকে উৎসাহিত করাই এসব কর্মসূচির অন্যতম লক্ষ্য।

শনিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে মানুষ ‘নো কিংস’ শীর্ষক বিক্ষোভ কর্মসূচি/ ছবি: এএফপি

শনিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে মানুষ ‘নো কিংস’ শীর্ষক বিক্ষোভ কর্মসূচি/ ছবি: এএফপি

আয়োজকেরা সমাবেশগুলোকে দলনিরপেক্ষ হিসেবে তুলে ধরেছেন। তবে ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে অসন্তুষ্ট মানুষের প্রায় দুই বছরের বিক্ষোভ ও প্রতিবাদের ধারাবাহিকতা থেকে এসব কর্মসূচি শক্তি পাচ্ছে। ট্রাম্প প্রশাসনের নীতি ও ক্ষমতা প্রয়োগের ধরন নিয়ে অসন্তোষই আন্দোলনকারীদের একত্র করেছে।

আর্জেন্টিনায় বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ কমানো নিয়ে বিক্ষোভ

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের উচ্চশিক্ষায় ব্যয় কমানোর নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারো শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মী, ট্রেড ইউনিয়ন সদস্য ও বিরোধী রাজনৈতিক কর্মী।

সংসদ ভবনের বাইরে প্রধান বিক্ষোভটি শান্তিপূর্ণ থাকলেও সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মুখোশধারী কয়েকজন বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর ও অন্যান্য বস্তু ছুড়েছেন। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আর্জেন্টিনার ন্যাশনাল গার্ডের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা/ ছবি: এএফপি

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আর্জেন্টিনার ন্যাশনাল গার্ডের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা/ ছবি: এএফপি

২০২৩ সালের শেষ দিকে মিলেই ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় অর্থায়ন নিয়ে এটি পঞ্চম বড় বিক্ষোভ। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আরও অর্থ বরাদ্দ নিশ্চিত করতে ২০২৫ সালের একটি আইন কার্যকর করার নির্দেশ দিয়ে একাধিকবার রায় দিয়েছেন আদালত। কিন্তু বাজেট কমানোর নীতির কারণে সরকার ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।

তুরস্কে পেনশন নিয়ে ক্ষোভ, আত্মহত্যা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার

তুরস্কে মূল্যস্ফীতির চাপে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং অপর্যাপ্ত পেনশনের প্রতিবাদে গত মাসে বিক্ষোভ করেছেন অবসরপ্রাপ্ত ব্যক্তি ও শ্রমিক সংগঠনের সদস্যরা। রাজধানী আঙ্কারায় সাংবিধানিক আদালতের সামনে জড়ো হয়ে পেনশনভোগীরা মর্যাদার সঙ্গে বেঁচে থাকা ও পরিবারের মৌলিক ব্যয় মেটানোর অধিকার নিশ্চিত করার দাবি জানান।

এ সময় ৬০ বছর বয়সী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলি সেকেরোগলু নিজের আর্থিক দুরবস্থা এবং তাঁর দুই বেকার ছেলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। তুরস্কের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে ‘অর্থের জন্য নয়, আমাদের সম্মানের জন্য’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে তিনি আত্মহত্যা করেন।

ঘটনাটি তুরস্কে পেনশনভোগীদের আর্থিক সংকট ও জীবনযাত্রার ব্যয় সামলানোর অসুবিধাকে সামনে এনেছে।

জীবনযাত্রার ব্যয়ই কি ক্ষোভের প্রধান কারণ?

বিভিন্ন দেশের আন্দোলনগুলোতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ইস্যুর পাশাপাশি একটি সাধারণ সংকট স্পষ্ট- মানুষের আয় বাড়তি ব্যয়ের সঙ্গে তাল মেলাতে পারছে না। কোথাও আবাসন ও বাড়িভাড়া, কোথাও শিক্ষার খরচ, আবার কোথাও পেনশন ও সরকারি পরিষেবায় বরাদ্দ কমানো মানুষের অসন্তোষ বাড়াচ্ছে।

ফ্রান্স ও বেলজিয়ামের মতো দেশে বিক্ষোভ সংঘর্ষে গড়িয়েছে। আলবেনিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ সরকারের ওপর চাপ তৈরি করছে, আর যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী সমাবেশ মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তাৎপর্য পাচ্ছে। অন্যদিকে আর্জেন্টিনা ও তুরস্কের ঘটনাগুলো দেখাচ্ছে, শিক্ষা ও অবসরকালীন আর্থিক নিরাপত্তাও জনঅসন্তোষের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card


আরো নিউজ

বিশ্বজুড়ে বিক্ষোভের আগুন, ক্ষোভের কেন্দ্রে জীবনযাত্রার ব্যয়

18 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

বিশ্বজুড়ে বিক্ষোভের আগুন, ক্ষোভের কেন্দ্রে জীবনযাত্রার ব্যয়

18 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com