ইলন মাস্ককে নিয়ে নির্মিত চার ঘণ্টার প্রামাণ্যচিত্র ‘মাস্ক’ প্রচারে বাধার মুখে পড়েছে নির্মাতা ও পরিবেশক প্রতিষ্ঠান। এবার রাজনৈতিক বিষয়বস্তুর কারণ দেখিয়ে প্রামাণ্যচিত্রটি প্রচারণার জন্য ব্যবহৃত টিকটক অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে প্ল্যাটফর্মটি।
‘দ্য হলিউড রিপোর্টার’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রামাণ্যচিত্রটির পরিবেশক প্রতিষ্ঠান ব্লিকার স্ট্রিটকে সম্প্রতি টিকটক জানিয়েছে, রাজনৈতিক বিষয়বস্তুর কারণে তাদের অ্যাকাউন্টটি ‘স্থায়ীভাবে স্থগিত’ করা হয়েছে।
অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি পরিচালিত ‘মাস্ক’ প্রামাণ্যচিত্রের প্রচারণার ঝলকের বিজ্ঞাপন প্রথমে মেটা ও ইউটিউবও প্রত্যাখ্যান করেছিল। তবে পরে প্ল্যাটফর্ম দুটি বিজ্ঞাপনটি প্রচারের অনুমতি দেয়। মেটা জানিয়েছিল, ‘একটি ত্রুটির’ কারণে বিজ্ঞাপনটি প্রত্যাখ্যান করা হয়েছিল।
সম্প্রতি গিবনি নিশ্চিত করেছেন, ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ইউনিভার্সাল ‘মাস্ক’ মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তায় ছিল। তবে এখন ছবিটি মুক্তির উদ্যোগ এগিয়ে চলছে।
মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সও ‘মাস্ক’ প্রামাণ্যচিত্রের বিজ্ঞাপন প্রচারে রাজি হয়নি। অন্যদিকে, টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমের আংশিক মালিক ল্যারি এলিসন। মাস্কের মতো তিনিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উল্লেখযোগ্য সমর্থক।
গত সপ্তাহান্তে মাত্র চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মাস্ক’। এখন আরও বেশি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী বছর এইচবিওতে প্রামাণ্যচিত্রটি প্রচারের কথা রয়েছে। এইচবিও বর্তমানে প্যারামাউন্ট ও স্কাইড্যান্সের মালিকানাধীন প্রতিষ্ঠানের অংশ। প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন ল্যারি এলিসনের ছেলে ডেভিড এলিসন।
সূত্রঃ টেকক্রাঞ্চ