জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্য পদে উপনির্বাচনে প্রার্থী হতে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। গতকাল ১৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে মেঘনা আলম লিখেছেন, ‘জনগণের সমর্থন নিয়ে, জনগণের সেবার উদ্দেশ্যে, শূন্য ঘোষিত মহিলা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন পলিটিক্যাল এডুকেটর, মেঘনা আলম। আলহামদুলিল্লাহ।’
এর আগে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করা হয় বলে উল্লেখ করা হয়েছে। মিরপুরের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।
প্রাথমিক তদন্তে মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মেলায় তাকে সংসদ সদস্যের পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেন বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি মিষ্টি। ইতোমধ্যে জাতীয় সংসদ সচিবালয় তার আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করেছে।
সেই আসনেই লড়বেন মেঘনা। তবে বিএনপির পক্ষ থেকে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ট্রাক মার্কা নিয়ে অংশ নেন মেঘনা আলম। ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মেঘনা পেয়েছিলেন ৬০৮ ভোট। এবার কি তিনি পারবেন, স্বপ্ন পূরণ করতে? অপেক্ষা করা যাক, উত্তর মিলবে সময়ের কাছে।