চীনের বেইজিং ও হাইনান প্রদেশে আয়োজিত ‘ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর আ কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার অ্যামং নেইবারিং কান্ট্রিজ (২০২৬)’-এ অংশ নিচ্ছেন বাংলাদেশের ছয় তরুণ প্রতিনিধি।
১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত নয় দিনব্যাপী এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতাদের সঙ্গে তারা মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন।
‘রিসার্চ সেন্টার ও বিল্ডিং এ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার ফর হিউম্যানিটি’ এবং ‘হাইনান ইনস্টিটিউট ফর ফ্রি ট্রেড পোর্ট স্টাডিজ’-এর যৌথ উদ্যোগে এ আন্তর্জাতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া গভীর করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, বৈশ্বিক শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতায় অবদান রাখার সক্ষমতা জোরদার করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
কর্মসূচিতে বাংলাদেশের ছয় প্রতিনিধি হলেন- একেএম মাজহারুল ইসলাম, সাদ্দাম হোসেন, মো. আবুল হাসান, মো. রিয়াজুল ইসলাম, মো. ওয়াবিদুর রহমান এবং করিম আল জাহিন। তারা চীনের প্রতিবেশী দেশসহ বিভিন্ন রাষ্ট্রের প্রায় ৮০ জন তরুণ আন্তর্জাতিক প্রতিনিধির সঙ্গে এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, রাশিয়াসহ আরও কয়েকটি দেশ।
এ বছরের কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও যুব নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি’। এতে উচ্চপর্যায়ের সংলাপ, বিষয়ভিত্তিক ফোরাম, বিশেষজ্ঞদের বক্তৃতা, বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন এবং সাংস্কৃতিক বিনিময়সহ নানা কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
এসব আয়োজনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের শিক্ষাবিদ, পেশাজীবী, নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিরা এবং তরুণ নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।
এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ, আন্তসাংস্কৃতিক যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং চীনের উন্নয়ন অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় সম্পর্কে গভীর ধারণা অর্জনের সুযোগ তৈরি হবে।
বাংলাদেশি তরুণদের জন্য এ কর্মসূচি প্রতিবেশী দেশগুলোর তরুণ নেতৃত্বের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, আঞ্চলিক সহযোগিতার নতুন সম্ভাবনা অনুসন্ধান এবং বাংলাদেশ, চীন ও অন্যান্য অংশগ্রহণকারী দেশের মধ্যে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক বোঝাপড়া এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও এ কর্মসূচির মাধ্যমে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে।