একসময় ঢাকাই সিনেমার পর্দায় সালমান শাহ, রিয়াজ ও ওমর সানীর মতো জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সোনিয়া। ‘স্বপ্নের ঠিকানা’, ‘বাংলার নায়ক’, ‘শত জনমের প্রেম’, ‘প্রেম প্রতিশোধ’, ‘পরান কোকিলা’সহ বেশ কিছু আলোচিত সিনেমায় দেখা গেছে তাকে।
কিন্তু ক্যারিয়ারের মধ্যগগনে হঠাৎ করেই অভিনয় থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে সিনেমার বাইরে থাকা সোনিয়া এখন কোথায়, কেমন আছেন?
পরিবার নিয়ে বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন একসময়ের এই জনপ্রিয় নায়িকা। ২০০৪ সাল থেকে সিনেমায় আর কাজ করছেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়জীবন, সিনেমা ছাড়ার কারণ এবং অতীতের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সোনিয়া।
অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে ভুল মনে করেন না সোনিয়া। তার সমসাময়িক অনেক অভিনেত্রী এখন আর অভিনয়ে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমার সমসাময়িক যারা অভিনয় করেছেন তারা কেউ এখন আর নেই। এ কারণে মনে হয় সিদ্ধান্তটি ভুল ছিল না। আমি কাজ করলে একটা সময়ে এসে বড় বোন, ভাবি বা অন্য চরিত্রে কাজ করতে হতো। কিন্তু আমি নায়িকা চরিত্রের বাইরে সেগুলোতে আগ্রহী নই।’
শিশুশিল্পী হিসেবে ‘মাস্তান রাজা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। পরে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘প্রেম শক্তি’ সিনেমায় নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন। এরপর প্রায় ৫০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। রিয়াজের প্রথম সিনেমা ‘বাংলার নায়ক’-এও ছিলেন সোনিয়া। দ্বিতীয় সিনেমায় অভিনয় করেন ওমর সানীর সঙ্গে।
ক্যারিয়ারের সেই সময়ের কথা বলতে গিয়ে গেল বছর এক সাক্ষাৎকারে সিনেমার ভেতরের রাজনীতির কথাও তুলে ধরেন অভিনেত্রী। তার ভাষ্য, নায়করাজ রাজ্জাকের হাত ধরে নায়িকা হিসেবে যাত্রা শুরু এবং একাধিক জনপ্রিয় নায়কের সঙ্গে কাজ করার পরও সিনেমায় তার অবস্থান আরও শক্ত হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে তা হয়নি। তখন বয়স কম থাকায় অনেক কিছু বুঝতে পারেননি। এখন পেছনে ফিরে তাকালে বুঝতে পারেন, ক্যারিয়ারে এগোতে গিয়ে নানা ধরনের রাজনীতির মুখোমুখি হতে হয়েছে তাকে।
সোনিয়া জানান, চুক্তিবদ্ধ হওয়ার পরও একাধিক সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এমনকি একটি সিনেমায় ওমর সানী ও মৌসুমী শুটিং করছিলেন, দুই দিন পর তার শুটিং শুরু হওয়ার কথা ছিল। চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। কিন্তু শুটিংয়ের আগের রাতে জানতে পারেন, তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। শাবনূরের সঙ্গে অভিনীত একটি সিনেমা থেকে তার সংলাপ ও গানও বাদ দেওয়া হয়েছিল বলে জানান অভিনেত্রী।
পরিস্থিতির কারণেই একসময় সিনেমা ছেড়ে লন্ডনে চলে আসতে হয়েছিল বলে জানিয়েছেন সোনিয়া। তবে অভিনয়জীবনের স্মৃতি এখনো তাকে আনন্দ দেয়। দর্শকের ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, এখনো অনেকে দেখা হলে তার অভিনীত সিনেমার কথা বলেন। সেই ভালো লাগা এবং স্মৃতিগুলো কখনো ভোলার নয়।
একসময় বড় পর্দায় নিয়মিত উপস্থিতি থাকলেও এখন পরিবার নিয়েই লন্ডনে সময় কাটছে সোনিয়ার। সিনেমা থেকে দূরে থাকলেও দর্শকের কাছে তিনি এখনো সালমান শাহ, রিয়াজ ও ওমর সানীদের সময়ের সেই পরিচিত মুখ।