ইউক্রেনের বিভিন্ন এলাকায় সামরিক কারখানা লক্ষ্য করে রাতভর বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রুশ সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
তবে রাজধানী কিয়েভে রুশ ড্রোনের আঘাতে একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। এতে এক নারী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র।
বৃহস্পতিবার ভোরে কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, শহরের সোলোমিয়ানস্কি জেলায় একটি নয়তলা আবাসিক ভবনে রুশ ড্রোন আঘাত হানে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং পাঁচজন আহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কিয়েভের একটি রকেট কারখানা, বৃহত্তর কিয়েভ অঞ্চলের একটি ড্রোন সংযোজন কর্মশালা এবং ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরির কারখানায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় ঝিতোমির অঞ্চলের কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্রেও আঘাত হানা হয়েছে।
ইউক্রেনের স্থানীয় এক কর্মকর্তা টেলিগ্রামে জানান, রুশ হামলায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলের জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, রাতভর মস্করের দিকে আসা ইউক্রেনের পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাতভর দেশটির বিভিন্ন এলাকায় মোট ৭১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
সূত্র: রয়টার্স