নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রতিটি প্রবেশপথে রাতভর সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এম এইচ গেট, ডেইরি গেট, প্রান্তিক গেট ও বিশমাইল গেটসহ প্রতিটি প্রবেশপথে অবস্থান নিয়ে পাহারা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা বুধবার থেকেই সোচ্চার ছিল। তাদের যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক ইঞ্চি মাটিও পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগীদের ছেড়ে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।