দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে অগ্নিসংযোগ, বোমাবাজি, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রচারে যাচাইবিহীন তথ্য, অতিরঞ্জিত শিরোনাম এবং জনমনে আতঙ্ক সৃষ্টিকারী উপস্থাপনা বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা জারির দাবি উঠেছে।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং তথ্য সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে সতর্ক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) পাঠানো এ লিগ্যাল নোটিশে সহিংসতার সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীলতা, তথ্যের সত্যতা যাচাই এবং জননিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগকৃত অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, যানবাহনে আগুন, ভাঙচুর, নাশকতা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করা হচ্ছে।
এসব ঘটনা সম্পর্কে জনগণকে অবহিত করা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কোনো কোনো ক্ষেত্রে যাচাইবিহীন তথ্য, অতিরঞ্জিত শিরোনাম, ভীতিকর দৃশ্য, উত্তেজনাপূর্ণ উপস্থাপনা এবং একই ঘটনার অপ্রয়োজনীয় পুনঃপ্রচার জনমনে আতঙ্ক, উদ্বেগ, নিরাপত্তাহীনতা ও বিভ্রান্তি তৈরি করতে পারে। এমন সংবাদ পরিবেশনার কারণে সাধারণ মানুষের মধ্যে অযথা ভীতি ছড়িয়ে পড়ার পাশাপাশি স্বাভাবিক জনজীবনও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পরিবহনশ্রমিকসহ সাধারণ নাগরিকদের মধ্যে এ ধরনের সংবাদ মানসিক উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এর প্রভাব পড়তে পারে ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবহনব্যবস্থা ও সামগ্রিক জনশৃঙ্খলার ওপর।
নোটিশে আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন কিংবা সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কার্যকলাপ এমনভাবে প্রচার করা উচিত নয়, যাতে অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার, প্রত্যক্ষ উসকানি কিংবা যাচাইবিহীন হুমকির অপ্রয়োজনীয় বিস্তার ঘটে। সংবাদ পরিবেশনের নামে কোনোভাবেই সহিংসতার প্রচারকে উৎসাহিত করা বা জনমনে অযথা আতঙ্ক ছড়িয়ে দেওয়া কাম্য নয়।
লিগ্যাল নোটিশে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যকার ভারসাম্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাকস্বাধীনতার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তবে রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতা, আদালত অবমাননা, মানহানি ও অপরাধে উসকানির মতো নির্দিষ্ট বিষয়ে আইনের মাধ্যমে যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের সুযোগও রাখা হয়েছে।
অন্যদিকে, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ এর ১১ ধারায় সংবাদপত্রের স্বাধীনতা সংরক্ষণ এবং সংবাদপত্র, সংবাদ সংস্থা ও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের কথা বলা হয়েছে। একই আইনের ১১(২)(খ) ধারায় উচ্চ পেশাগত মান অনুযায়ী সাংবাদিকতার আচরণবিধি প্রণয়নের দায়িত্ব প্রেস কাউন্সিলকে দেওয়া হয়েছে।
আইনের ১২ ধারায় সাংবাদিকতার নৈতিকতা বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তের পর সংশ্লিষ্ট সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক কিংবা সাংবাদিককে সতর্ক, ভর্ৎসনা বা তিরস্কার করার ক্ষমতাও প্রেস কাউন্সিলকে দেওয়া হয়েছে।
নোটিশদাতার বক্তব্য অনুযায়ী, এসব আইন ও সাংবিধানিক বিধানের আলোকে সহিংসতার সংবাদ প্রচারে দায়িত্বশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া জরুরি।
নোটিশে স্পষ্ট করা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা কিংবা জনগণের তথ্য জানার অধিকার ক্ষুণ্ন করা এর উদ্দেশ্য নয়। প্রকৃত ঘটনা, অপরাধ, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ কিংবা জননিরাপত্তাসংশ্লিষ্ট জনস্বার্থমূলক সংবাদ প্রকাশ বন্ধের দাবিও জানানো হয়নি।
বরং সংবাদ প্রচারের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য সূত্রের ব্যবহার, দায়িত্বশীল শিরোনাম এবং জনমনে অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি হতে পারে—এমন উপস্থাপনা পরিহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সহিংসতায় প্রত্যক্ষ উসকানি, অপরাধ সংঘটনের নির্দেশনা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার প্রতিরোধে আইনানুগ পদক্ষেপ চাওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং তথ্য সচিবের কাছে নোটিশে পাঁচটি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
১. নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগকৃত অগ্নিসংযোগ, বোমাবাজি, নাশকতা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ যাচাইবিহীন, অতিরঞ্জিত, বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টিকারী পদ্ধতিতে প্রচার ও প্রকাশ পরিহারে আইনানুগ নির্দেশিকা বা পরামর্শ জারি করতে হবে।
২. টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালগুলোকে সহিংসতার সংবাদ প্রকাশের আগে তথ্য যথাযথভাবে যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।
৩. সহিংসতার ভীতিকর দৃশ্য, উত্তেজনাপূর্ণ শিরোনাম এবং একই ঘটনার অপ্রয়োজনীয় পুনঃপ্রচার পরিহারে সাংবাদিকতার নীতিমালা ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
৪. নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহিংস কর্মকাণ্ডে প্রত্যক্ষ উসকানি, অপরাধ সংঘটনের নির্দেশনা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার প্রতিরোধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৫. গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের স্বার্থে সংশ্লিষ্ট আইনগত কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পর্যবেক্ষণ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা বিবেচনা করতে হবে।
নোটিশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং তথ্য সচিবকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে উত্থাপিত বিষয়গুলো আইনানুগভাবে বিবেচনা করে কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা নেওয়ার পরিকল্পনা রয়েছে, তা নোটিশদাতাকে অবহিত করতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশদাতার মতে, সহিংসতা ও নাশকতার প্রকৃত ঘটনা আড়াল করা যেমন কাম্য নয়, তেমনি যাচাইবিহীন তথ্য ও অতিরঞ্জিত প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়াও দায়িত্বশীল সাংবাদিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জনগণের জানার অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং জননিরাপত্তা—এই তিনটি বিষয়কে সমন্বয় করেই সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।