কোনো অপশক্তিকে দেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, গত জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতের প্রতি যে আস্থা ও সমর্থন জানিয়েছে, তার মর্যাদা রক্ষায় জনগণের সব সমস্যা সমাধানে পাশে থাকবে দলটি।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, স্বৈরাচারের দোসররা দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ আর কখনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা মেনে নেবে না। জুলাইয়ের চেতনা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমরাই আমাদের দেশ রক্ষা করবো। কোনো অপশক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবো।নঢাকার নাগরিক সমস্যা প্রসঙ্গে জামায়াতের এ নেতা বলেন, জনগণের সমস্যা সমাধানে আমরা কাজ করছি। শুধু কথায় নয়, কাজের মাধ্যমেই ঢাকাকে বদলে দিতে চাই। গত জাতীয় নির্বাচনে জনগণ যে আস্থা ও সমর্থন জানিয়েছে, তার ভিত্তিতে নাগরিকদের কল্যাণে কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় নগরবাসীর জন্য ‘সার্ভিস নিন’ অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় সেবাগুলো সহজলভ্য করার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সাধারণ মানুষের কাছে অ্যাপটির সেবা ও কার্যক্রম পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। প্রযুক্তিনির্ভর সেবাব্যবস্থার মাধ্যমে নাগরিক ভোগান্তি কমিয়ে আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব নগরী গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা জনগণকে উৎকণ্ঠিত করে তুলছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
গণভোটে জনগণের দেওয়া রায় অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া চলমান সংকট মোকাবিলা সম্ভব নয়। গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই দেশের বিদ্যমান সংকট উত্তরণের পথ তৈরি হতে পারে।
আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মগবাজারে এবং ১৬ ডিসেম্বর আদাবরে জামায়াতের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি ও গণসংযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সমাবেশে আগামী ১৫ ডিসেম্বর মগবাজারে অনুষ্ঠেয় নাগরিক সমাবেশ সফল করা, জনগণের সঙ্গে গণসংযোগ বৃদ্ধি এবং নগরবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে করণীয়সহ সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়।
এদিকে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আদাবর থানা জামায়াতের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা আমির মো. আল আমীন সবুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন।
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার বৃহস্পতিবার এসব তথ্য জানান।