সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন ধরে যাওয়ায় কেবিনজুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়া। মুহূর্তে বদলে যায় প্লেনের ভেতরের পরিবেশ, যাত্রীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত রোববার (১১ অক্টোবর) চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি প্লেনে এ ঘটনা ঘটে। মাঝআকাশে এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন ধরে গেলে কেবিনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন কেবিন ক্রুরা। পরে, ভারতের হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে প্লেনটি।
বিশেষজ্ঞদের মতে, পাওয়ার ব্যাংকের ব্যাটারিতে ত্রুটি, উৎপাদনগত সমস্যা কিংবা অতিরিক্ত গরম হয়ে গেলে আগুন লাগতে পারে।
বিশেষ করে, নিম্নমানের বা নকল ব্যাটারি সেলে এ ঝুঁকি বেশি থাকে। এছাড়া, প্লেন অবতরণের সময় ঝাঁকুনির কারণে ব্যাটারির ভেতরে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যেতে পারে বলে তাদের ধারণা।
এদিকে, গত মে মাসেও ইন্ডিগোর একটি প্লেনে পাওয়ার ব্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। চণ্ডীগড়গামী প্লেনটি অবতরণের পর এক যাত্রীর আসনের পকেটে রাখা পাওয়ার ব্যাংকটি বিস্ফোরিত হয়।
এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে, নিরাপত্তার জন্য দ্রুত প্লেন থেকে তাদের সরিয়ে নেওয়া হয়।
ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পাওয়ারট্রনের ব্যবস্থাপনা পরিচালক বিবেক পাঞ্চাল বলেন, অতিরিক্ত গরম জায়গায় পাওয়ার ব্যাংক রাখা, বেশি সময় ধরে চার্জ দেওয়া এবং ক্ষতিগ্রস্ত পাওয়ার ব্যাংক ব্যবহার করার কারণে আগুন লাগার ঝুঁকি বাড়তে পারে।
এ ঝুঁকি কমাতে পাওয়ার ব্যাংকের চার্জ ৮০ শতাংশের মধ্যে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, প্লেনে পাওয়ার ব্যাংক বহনের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। ভারতের ইন্ডিগো, স্পাইসজেট ও এয়ার ইন্ডিয়াসহ বেশির ভাগ বিমান সংস্থায় চেক-ইন করা লাগেজে পাওয়ার ব্যাংক বহন নিষিদ্ধ। তবে, নিয়ম মেনে হাতব্যাগে পাওয়ার ব্যাংক রাখা যায়।
এছাড়া, ২০২৫ সালের নভেম্বরে ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর প্লেনে পাওয়ার ব্যাংক ব্যবহার ও চার্জ দেওয়া নিষিদ্ধ করে। একই সঙ্গে, মাথার ওপরের লাগেজ রাখার খোপে পাওয়ার ব্যাংক রাখার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। কারণ, আগুন লাগলে ওই খোপ থেকে দ্রুত পাওয়ার ব্যাংক বের করা কঠিন হতে পারে।
অন্যদিকে, পাওয়ার ব্যাংক কেনার সময় এর ব্যাটারির মান, স্থায়িত্ব ও ওয়ারেন্টি যাচাই করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভালো মানের ব্যাটারির পাওয়ার ব্যাংক ব্যবহার করলে ঝুঁকি কমানো সম্ভব।
পাশাপাশি, পাওয়ার ব্যাংক ব্যবহারের সময়ও সতর্ক থাকতে হবে। চার্জ দেওয়া বা ব্যবহারের সময় যন্ত্রটি অতিরিক্ত গরম হয়ে গেলে তা ব্যবহার বন্ধ করতে হবে।
এছাড়া, ব্যাটারি ফুলে যাওয়া, তরল বের হওয়া কিংবা অস্বাভাবিক গন্ধ দেখা দিলে সেটিকে বিপদের লক্ষণ হিসেবে নিতে হবে। এমন কিছু ঘটলে পাওয়ার ব্যাংকটি আর ব্যবহার করা উচিত নয় বলে পরামর্শ দেন তারা।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস