মালদ্বীপে আসার মাত্র ১৫ দিনের মাথায় আলামিন নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের আকস্মিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আলামিনের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়। তার বাবার নাম মো. রুহুল আমিন।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নাশতা শেষে বাসায় ফিরে আলামিন একই কক্ষে থাকা ব্যক্তিদের জানান, তার শরীর ভালো লাগছে না। পরে তার অসুস্থতার কথা জানতে পেরে কক্ষে থাকা এক ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আলামিন মালদ্বীপের হুলোহুমালে অবস্থিত ট্রি টপ হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।পারিবারিক সূত্রে জানা গেছে, আলামিন ছিলেন পরিবারের একমাত্র ছেলে ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারের আর্থিক অবস্থাও তেমন সচ্ছল ছিল না। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় প্রবাসজীবন শুরু করেছিলেন তিনি।
কিন্তু মালদ্বীপে আসার মাত্র ১৫ দিনের মাথায় তার আকস্মিক মৃত্যুতে পরিবারের সেই স্বপ্ন ভেঙে গেছে।প্রবাসজীবন শুরুর অল্প সময়ের মধ্যেই আলামিনের এমন মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে তার স্বজনদের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ।