সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রথমবারের মতো পারস্পরিক বদলির সুযোগ দেওয়া হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই শিক্ষকের বিদ্যালয় রদবদল করা হয়েছে।রোববার (২৫ অক্টোবর) জেলার প্রাথমিক শিক্ষা অফিসের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।পদায়ন আদেশ অনুযায়ী, সহকারী শিক্ষক মাহবুবা আক্তার নূপুরের পদায়ন করা পশ্চিম ঠেংঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে ডাউয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সহকারী শিক্ষক মো. আব্দুর রহিমের পদায়ন করা ডাউয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে পশ্চিম ঠেংঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারণ করা হয়েছে।আদেশে বলা হয়, নতুন কর্মস্থলে যোগদানের জন্য সংশ্লিষ্ট দুই শিক্ষককে ১৮ অক্টোবর অপরাহ্নে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অবমুক্ত করা হয়েছে। তাদের ১৯ অক্টোবর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে রিপোর্ট করতে এবং ২৬ অক্টোবর সংশোধিত পদায়ন করা বিদ্যালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।এতে আরও বলা হয়, বিধি অনুযায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অবমুক্তির তারিখ থেকে তারা বেতন-ভাতা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।