ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতার অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন বিরোধী ‘চেঞ্জ ব্লকের’ নেতা গাদি আইজেনকোত। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক এ প্রধানকে অনেকেই সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। তাদের ধারণা, নেতানিয়াহুর চেয়ে তিনি ভালো হবেন।
তবে ইনভেস্টিগেটিভ সাংবাদিক, লেখক এবং তথ্যবিষয়ক চলচিত্র নির্মাতা অ্যান্থনি লোয়েনস্টেইন সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, তাদের দুজনের মতাদর্শ এক, তাদের চরিত্র এক। তারা দুজনই ‘গ্রেটার ইসরায়েল’ চান। যেখানে পুরো ফিলিস্তিন, লেবানন, জর্ডান; সিরিয়া, সৌদি আরব ও মিসরের একাংশ রয়েছে।
এই সাংবাদিক বলেছেন, নির্বাচনী প্রচারণার সময় নেতানিয়াহু আরবদের প্রতি প্রকাশ্য বর্ণবাদী কথা বলেছেন। এক্ষেত্রে আইজেনকোতও খুব বেশি ভিন্ন নয়। তিনিও আরবদের প্রতি বিদ্বেষ পোষণ করেন।
তবে পশ্চিমতীর, গাজা, ইরান, মধ্যপ্রাচ্যের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু মতপার্থক্য রয়েছে বলে জানান অ্যান্থনি লোয়েনস্টেইন।
তিনি আলজাজিরাকে বলেছেন, “নেতানিয়াহু-বেন গিভিরের গত চার বছরের বিপর্যয় এবং তারা এ অঞ্চলে যা করেছে আমি তা উপেক্ষা করছি না। কিন্তু (বিকল্প বা আইজেনকোতের নেতৃত্বাধীন সরকার) খুব বেশি পরিবর্তন করবে না। নতুন সরকারের সময় হয়ত পশ্চিমতীরে সামান্য পরিবর্তন হতে পারে। সম্ভবত সবচেয়ে সহিংস কিছু সেটেলারকে গ্রেপ্তার করা হবে।”
“খুব মূল বিষয়ের ক্ষেত্রে, তাদের চিন্তাভাবনা প্রায় এক। আমি যেটিকে বলব গ্রেটার ইসরায়েল। আর এটি খুবই বিপজ্জনক।”
সূত্র: আলজাজিরা