হলিউডের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডার-ম্যান’-এর নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। পাশাপাশি বড় অঙ্কের আয় এনে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনিকে। সিনেমাটির সাফল্যে ২০২৬ সালের সেপ্টেম্বর প্রান্তিকে সনির আয় ও পরিচালন মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
সেপ্টেম্বর প্রান্তিকে সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২৩ কোটি ডলারে। এ সময়ে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা হয়েছে ৫৮ কোটি ১০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৫২৭ শতাংশ বেশি। সেপ্টেম্বর প্রান্তিকের হিসাবে এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ পরিচালন মুনাফা।
এই প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। চলতি বছরের ৩১ জুলাই মুক্তি পাওয়া সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৫২ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৩১ হাজার ৩৩৩ কোটি টাকা!
এর ফলে চলচ্চিত্রটি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ আয় করা সিনেমার জায়গা দখল করেছে। তালিকায় এর ওপরে রয়েছে ‘অ্যাভাটার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।
টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত সিনেমাটিতে পিটার পার্কার ও এমজের গল্প তুলে ধরা হয়েছে। সনি পিকচার্সের মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী টম রথম্যানের মতে, এটি কেবল সুপারহিরো সিনেমা নয়, বরং মানুষের আবেগ ও সম্পর্কের গল্পও।
সেপ্টেম্বর প্রান্তিকে সনি পিকচার্সের সিনেমা প্রদর্শন খাতের আয় হয়েছে ১২৮ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ গুণ বেশি। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র পাশাপাশি ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’ ও ‘রেসিডেন্ট ইভিল’ সিনেমার সাফল্যও এতে ভূমিকা রেখেছে। তবে টেলিভিশন প্রযোজনা খাতের আয় ৩১ শতাংশ কমে ৪৮ কোটি ৩০ লাখ ডলারে নেমেছে।
সব মিলিয়ে ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সনির মোট আয় হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৯০০ কোটি ইয়েন, যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। একই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার কোটি ইয়েনে।