পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রায় ১০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা সদরের উত্তর দর্জিপাড়া গ্রামের ইসরাইলের বাড়ির পাশের একটি গর্ত থেকে অজগরটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে যান।
১৩ দিনের ব্যবধানে একই উপজেলায় দুটি অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে গর্তের মধ্যে অজগরটি দেখতে পান তারা। পরে কয়েকজন মিলে সেটিকে নিরাপদে উদ্ধার করে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিয়ে যান
তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা বলেন, উদ্ধার হওয়া অজগরটির ওজন আনুমানিক ১০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। সাপটিকে উদ্ধার করে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। উপযুক্ত পরিবেশে এটিকে অবমুক্ত করা হবে। এর আগে, গত ২৯ সেপ্টেম্বর তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন থেকে প্রায় ১৩ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করা হয়।