থ্রাস্টারযুক্ত একটি ‘উড়ন্ত’ গাড়ি উন্মোচন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক তার মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের কার্যালয়ে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে এর উন্মোচন করেন । এ অনুষ্ঠানে ইলন মাস্ক বলেন, ‘উড়ন্ত গাড়ি বাস্তব।’
প্রযুক্তিগত ও নিয়ন্ত্রক নানা চ্যালেঞ্জের কারণে বহুল আলোচিত উড়ন্ত গাড়ি নির্মাণশিল্প এখনো বাস্তবে সাফল্যের মুখ দেখেনি। টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মাস্ক তার নতুন স্পোর্টস কার ‘রোডস্টার’ উন্মোচন করেন। টেসলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। প্রদর্শনীর সময় গাড়িটি একটি খাড়া র্যাম্প থেকে লাফিয়ে ওঠে এবং পরে চাকার ওপর ভর করে অবতরণ করে।
ইলন মাস্ক বলেন, গাড়িটির সাফল্য নিশ্চিত নয় তবে সম্ভবত এটি কাজ করবে।
মাস্ক জানান, গাড়িটিতে রয়েছে ‘অতি উচ্চচাপের বায়ু ট্যাংক’ যা ব্যবহার করে সেটিকে বাতাসে তুলে ধরা হবে।
থ্রাস্টার (Thruster) হলো এমন একটি যন্ত্র যা গ্যাস বা বাতাসকে প্রবল বেগে একদিকে ছুড়ে দিয়ে বিপরীত দিকে ধাক্কা বা বল তৈরি করে। এই বলের সাহায্যে কোনো যানকে সামনে, পেছনে, ওপরে বা পাশের দিকে সরানো যায়।
উদাহরণ: বেলুনে বাতাস ভরে ছেড়ে দিলে বাতাস একদিকে বেরিয়ে যায়, আর বেলুনটি বিপরীত দিকে ছুটে চলে। থ্রাস্টারও একই নীতিতে কাজ করে, যদিও এর প্রযুক্তি অনেক বেশি উন্নত।
টেসলা ও স্পেসএক্সের যৌথ উদ্যোগের কথা উল্লেখ করে এই প্রযুক্তি উদ্যোক্তা বলেন, বিশ্বের সেরা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এবং বিশ্বের সেরা রকেট নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় হলে যা ঘটে এটি তারই উদাহরণ।
মাস্ক আরও জানান, ২০২৮ সালে গাড়িটির উৎপাদন শুরু হতে পারে।
১৯১৭ সালে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের পথিকৃৎ গ্লেন কার্টিস প্রথম উড়ন্ত গাড়ির একটি প্রোটোটাইপ প্রদর্শন করেছিলেন। তবে, সাম্প্রতিক বছরগুলোতে বৈদ্যুতিক মোটর ও উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারির উন্নতির ফলে কার্যকর উড়ন্ত গাড়ি তৈরির সম্ভাবনা নিয়ে আরও গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে।
সূ্ত্র: ইউএসএ টুডে