গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জনের পরিবারের সদস্যদের মধ্যে ৮৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা করে এ সহায়তা দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাশরীফুল ইসলাম, গাজীপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক আরফিন নাসির ও মহিউদ্দিন আহমেদ এবং উচ্চমান সহকারী মো. মারনুজ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর হাতে পাঁচ লাখ টাকা করে মোট ৮৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
এ সময় আহাম্মদ হোসেন ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা গেলে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।