র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে গাজীপুর বিআরটিএর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি জয়দেবপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাশরীফুল ইসলাম, গাজীপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক আরফিন নাসির ও মহিউদ্দিন আহমেদ এবং উচ্চমান সহকারী মো. মারনুজ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সড়ক নিরাপদ রাখতে চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথি আহাম্মদ হোসেন ভূঁইয়া বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার বিকল্প নেই। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।