একসময় নিজের ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশনের শেড খুঁজে পাওয়া কিংবা কেনা প্রসাধনী আসল কি না, তা নিশ্চিত হওয়া ছিল অনেকের জন্যই কঠিন। কোন ত্বকের জন্য কোন পণ্য উপযোগী, কীভাবে ব্যবহার করতে হবে কিংবা কোন পণ্যটি কেনা উচিত- এসব জানতে নির্ভর করতে হতো বন্ধু, পরিবারের সদস্য কিংবা দোকানির পরামর্শের ওপর। বিশেষ করে যারা নতুন করে মেকআপ বা ত্বকের যত্ন নেওয়া শুরু করতেন, তাদের জন্য সঠিক পণ্য বেছে নেওয়া ছিল বেশ চ্যালেঞ্জের।
সেই সময় বাংলাদেশে অনলাইন কেনাকাটা জনপ্রিয় হতে শুরু করলেও সৌন্দর্যচর্চার পণ্য নিয়ে নির্ভরযোগ্য তথ্যের সুযোগ ছিল সীমিত। পণ্য কেনার পাশাপাশি সেগুলোর ব্যবহার, উপকারিতা ও উপযোগিতা সম্পর্কে জানার প্রয়োজনও ছিল। এমন একটি জায়গার অভাব থেকেই ধীরে ধীরে তৈরি হয় নতুন উদ্যোগের ভাবনা।
এই ভাবনা নিয়ে ২০১৩ সালে যাত্রা শুরু করে সাজগোজ। তবে শুরুতে এটি কোনো অনলাইন প্রসাধনীর দোকান ছিল না, ছিল একটি বিউটি ব্লগ। প্রতিষ্ঠাতা নাজমুল শেখ, সিনথিয়া শারমিন ইসলাম ও মিলকী মাহমুদ এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে ত্বকের যত্ন, মেকআপের কৌশল, বিভিন্ন পণ্যের পর্যালোচনা এবং সৌন্দর্যচর্চার প্রয়োজনীয় নানা তথ্য পাওয়া যাবে।
শুরুর দিকে সাজগোজের মূল লক্ষ্য ছিল মানুষকে নিজের ত্বক সম্পর্কে জানতে এবং প্রয়োজন অনুযায়ী যত্ন নিতে সাহায্য করা। কোন ধরনের ত্বকের জন্য কী ধরনের পণ্য উপযোগী, কোন পণ্য কীভাবে ব্যবহার করতে হয় কিংবা নতুনদের মেকআপ শুরু করার ক্ষেত্রে কী কী বিষয় জানা প্রয়োজন- এসব নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করা হতো। ধীরে ধীরে পাঠক ও অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। সৌন্দর্যচর্চায় আগ্রহীদের কাছে পরিচিত হয়ে ওঠে প্ল্যাটফর্মটি।
তবে শুধু তথ্য প্রকাশ করলেই গ্রাহকদের সব প্রয়োজন পূরণ হচ্ছে না, বিষয়টি একসময় বুঝতে পারেন উদ্যোক্তারা। পণ্য সম্পর্কে জানার পর সেটি সহজে ও নির্ভরযোগ্যভাবে কেনার সুযোগও থাকা প্রয়োজন। সেই ভাবনা থেকেই ২০১৫ সালে ঢাকার যমুনা ফিউচার পার্কে সাজগোজের প্রথম বিক্রয়কেন্দ্র চালু হয়।
এর মাধ্যমে গ্রাহকেরা অনলাইনে পণ্য সম্পর্কে জানার পাশাপাশি সরাসরি দোকানে গিয়ে সেগুলো দেখতে পারতেন। কথা বলতে পারতেন বিউটি কনসালট্যান্টদের সঙ্গে। নিজের ত্বক ও প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নেওয়ার সুযোগও তৈরি হয়। তবে ঢাকার বাইরের গ্রাহকদের কাছে পৌঁছানো তখনো বড় চ্যালেঞ্জ ছিল। দেশের অনলাইন কেনাকাটার ব্যবস্থা ও পণ্য সরবরাহের অবকাঠামো তখনো পুরোপুরি বিকশিত হয়নি।
এই সীমাবদ্ধতা কাটিয়ে দেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে ২০১৮ সালের অক্টোবরে চালু হয় সাজগোজের ই-কমার্স প্ল্যাটফর্ম shop.shajgoj.com। একটি বিউটি ব্লগ হিসেবে শুরু হওয়া উদ্যোগটি তখন অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রেও যুক্ত হয়। ফলে গ্রাহকেরা ঘরে বসেই বিভিন্ন পণ্য সম্পর্কে জানতে, তুলনা করতে এবং পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারতেন। তথ্য পাওয়া ও পণ্য কেনার সুযোগ দুটিই একই প্ল্যাটফর্মে যুক্ত হয়।
সময়ের সঙ্গে সাজগোজের পরিসরও বেড়েছে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে রয়েছে ১ হাজার ২০০টির বেশি ব্র্যান্ডের ২০ হাজারেরও বেশি পণ্য। অনলাইন কার্যক্রমের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে রয়েছে প্রতিষ্ঠানটির আটটি বিক্রয়কেন্দ্র। ফলে গ্রাহকেরা অনলাইন ও সরাসরি দোকান, দুই মাধ্যমেই পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।
এই বিস্তারের সঙ্গে বদলেছে সৌন্দর্যচর্চা নিয়ে মানুষের চিন্তাভাবনাও। আগে যেখানে অনেকেই অন্যের পরামর্শের ওপর নির্ভর করে পণ্য কিনতেন, এখন নিজের ত্বকের ধরন, প্রয়োজন ও বাজেট অনুযায়ী পণ্য বেছে নেওয়ার আগ্রহ বাড়ছে। কোন উপাদান ত্বকের জন্য উপযোগী, কোন পণ্য কীভাবে ব্যবহার করতে হয় কিংবা একই ধরনের পণ্যের মধ্যে পার্থক্য কোথায়- এসব বিষয়েও সচেতনতা তৈরি হয়েছে।
এ বছর সাজগোজের ই-কমার্স যাত্রার আট বছর পূর্ণ হয়েছে। তবে প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়েছিল এরও পাঁচ বছর আগে, একটি বিউটি ব্লগ হিসেবে। এই দীর্ঘ সময়ে তথ্যভিত্তিক সৌন্দর্যচর্চার পরামর্শ থেকে শুরু করে অনলাইনে পণ্য কেনাবেচা এবং অফলাইন বিক্রয়কেন্দ্র বিভিন্ন ধাপে বিস্তৃত হয়েছে তাদের কার্যক্রম।
সাজগোজের এই যাত্রায় গ্রাহকদের আস্থাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে প্রতিষ্ঠানটি। তাদের মতে, সৌন্দর্যচর্চা মানে শুধু নতুন পণ্য ব্যবহার করা নয়; বরং নিজের ত্বক সম্পর্কে জানা এবং প্রয়োজন বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া। সে কারণেই পণ্য বিক্রির পাশাপাশি গ্রাহকদের সচেতন করার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে আসছে তারা।
প্রতিষ্ঠানটির বিশ্বাস, প্রত্যেক মানুষই নিজের আদর্শ হয়ে উঠতে পারেন। আর সেই ভাবনা থেকেই সাজগোজ তাদের গ্রাহকদের এই পথচলার প্রকৃত নায়ক হিসেবে বিবেচনা করে। তাদের প্রত্যেকেই যেন সাজগোজের একেকজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।