প্রশ্ন: ব্যাঙের বিষ্ঠা ও প্রস্রাব কি নাপাক? ঘরের মেঝেতে ব্যাঙ প্রস্রাব করে দিলে কীভাবে পবিত্র করতে হবে?
উত্তর: কুনো ব্যাঙ বা ডাঙায় বসবাসকারী ব্যাঙের বিষ্ঠা ও প্রস্রাব নাপাক। তাই এগুলোর প্রস্রাব–বিষ্ঠা লাগলে ওই স্থান নাপাক হয়ে যাবে এবং ধুয়ে পবিত্র করে নিতে হবে। তবে পানিতে বসবাসকারী ব্যাঙের প্রস্রাব নাপাক নয়। তাই কোনো স্থান বা কাপড়ে লাগলে সেগুলো নাপাক হবে না। (ইমদাদুল ফাতাওয়া ১/৭৫)
ব্যাঙের প্রস্রাব করা মেঝে যদি টাইলসের, সিমেন্টের বা এরকম শক্ত কিছু দিয়ে বানানো হয় যেগুলো পানি শোষণ করে না, তাহলে পানি দিয়ে ধুয়ে বা মুছে নাপাকির চিহ্ন বা গন্ধ দূর করলেই ওই মেঝে পবিত্র হয়ে যাবে।
পানি শোষণ করে না এমন আসবাবপত্র যেমন আয়না, ছুরি, থালা, বদনা ইত্যাদিও অপবিত্র হলে পানি দিয়ে ধুয়ে নাপাকি দূর করলে পবিত্র হয়ে যায়। মাটি বা অন্য কিছু দিয়ে ঘষে বা আগুনে পুড়িয়ে নাপাকি দূর করলেও এসব জিনিস পবিত্র হয়ে যায় ধোয়া ছাড়াই।
মাদুর, কার্পেট, ফোম, তুলা ভরা বালিশ, লেপ, তোষক অর্থাৎ নিংড়ানো যায় না কিন্তু পানি শোষণ করে এমন কাপড় বা আসবাবপত্র পবিত্র করার উপায় হলো একবার ধুয়ে পানি ঝরার জন্য রেখে দেবে। পানি ঝরে গেলে আবার ধুবে। এভাবে তিনবার ধুলে পবিত্র হয়ে যাবে।
মেঝে যদি মাটির হয়, তাহলে প্রস্রাব শুকিয়ে দুর্গন্ধ চলে গেলে ওই মেঝে পবিত্র হয়ে যাবে এবং ওই জায়গায় নামাজ পড়া যাবে। তবে ওই জায়গার মাটি দিয়ে তায়াম্মুম করা জায়েজ হবে না।