• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, কিয়েভে নিহত ১ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ১৬ নভেম্বর বসছে বোর্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, নিরাপত্তাহীনতায় পড়বে সরকার: নাসীরুদ্দীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

প্রবাস পোস্ট ডেস্ক / ১৩ টাইম:
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে আমদানিপ্রক্রিয়ায় বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরসহ ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানি করা যাবে। সাপ্লায়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিটের আওতায়ও এসব পণ্য আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়। বিশেষ এই সুবিধা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে আমদানিকারকরা পণ্য দেশে আনার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ পাবেন। এতে আমদানির সময় তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা পরিশোধের চাপ কিছুটা কমবে। পাশাপাশি আমদানিকারকদের কার্যকরী মূলধনের ওপর চাপ কমে বাজারে পণ্যের সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে।

সাধারণত রমজানের আগে দেশে চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, ছোলা ও খেজুরের মতো পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় আমদানিকারকরা বাড়তি পণ্য আমদানির উদ্যোগ নেন। তবে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, ডলারের বিনিময় হার এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রে আমদানিকারকদের অর্থায়নের প্রয়োজন হয়। বিশেষ করে আমদানি ঋণপত্র (এলসি) খোলা ও পণ্যের মূল্য পরিশোধের ক্ষেত্রে অর্থায়নের চাপ তৈরি হয়।

 

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে রমজানের আগেই প্রয়োজনীয় পণ্য আমদানি সহজ করতে নতুন এ সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, চাল, গম ও আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। এসব পণ্য ৯০ দিন পর্যন্ত বিলম্বিত পরিশোধের শর্তে আমদানি করা যাবে। অর্থাৎ পণ্য আমদানির পর নির্ধারিত মেয়াদের মধ্যে আমদানির মূল্য পরিশোধের সুযোগ পাবেন ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে সাপ্লায়ার্স ক্রেডিট বা বায়ার্স ক্রেডিটের ব্যবস্থাও রাখা হয়েছে।

সাপ্লায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি সরবরাহকারী আমদানিকারককে নির্দিষ্ট সময়ের জন্য বাকিতে পণ্য সরবরাহ করেন। অন্যদিকে বায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমদানিকারকের পণ্যের মূল্য পরিশোধে অর্থায়ন করে। পরে আমদানিকারক নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ পরিশোধ করেন।

ব্যবসায়ীদের জন্য এ ধরনের সুবিধা গুরুত্বপূর্ণ। কারণ, আমদানির জন্য প্রয়োজনীয় অর্থের পুরোটা তাৎক্ষণিকভাবে জোগাড় করতে না হলেও পণ্য দেশে এনে বাজারজাত করার সুযোগ তৈরি হয়। এতে আমদানি কার্যক্রমে অর্থায়নের চাপ কিছুটা কমতে পারে।

সার্কুলারে বলা হয়েছে, এ নির্দেশনা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। দেশের সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী অনুমোদিত ডিলার ব্যাংককে তাদের সংশ্লিষ্ট গ্রাহক ও আমদানিকারকদের বিষয়টি অবহিত করতে বলা হয়েছে। এ ছাড়া আগের অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

রমজানকে কেন্দ্র করে প্রতিবছরই দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়ে। বিশেষ করে ভোজ্যতেল, চিনি, ছোলা, পেঁয়াজ ও খেজুরের মতো পণ্যের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি থাকে। চাহিদা বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানি না বাড়লে বাজারে সরবরাহের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর সুযোগে কোনো কোনো ক্ষেত্রে পণ্যের দাম বাড়ানোর প্রবণতাও দেখা যায়।

এ কারণে রমজানের আগেই পর্যাপ্ত পণ্য আমদানি নিশ্চিত করা সরকারের বাজার ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ ব্যাংকের নতুন এ নির্দেশনার মাধ্যমে আমদানিকারকদের জন্য বৈদেশিক বাণিজ্যের অর্থায়ন কিছুটা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে আমদানিতে অর্থায়নের সুবিধা বাড়লেই বাজারে পণ্যের দাম কমবে, এমন নিশ্চয়তা নেই। আমদানিকারকরা এ সুবিধা নিয়ে কতটা পণ্য আমদানি করেন, আমদানি করা পণ্য সময়মতো বাজারে সরবরাহ করা হয় কি না এবং পাইকারি ও খুচরা পর্যায়ে বাজার ব্যবস্থাপনা কেমন থাকে, তার ওপরও এর সুফল নির্ভর করবে।

 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আগেভাগেই আমদানির সুযোগ দেওয়া হয়েছে। এ জন্য ব্যাংকগুলোকে ১০টি পণ্য আমদানিতে ৯০ দিন মেয়াদি বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটের সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ আমদানিকারকরা পণ্য আনার ৯০ দিন পর মূল্য পরিশোধ করতে পারবেন।

তিনি বলেন, আগেভাগে আমদানির সুযোগ দেওয়ার মূল উদ্দেশ্য হলো বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং রমজানে মূল্যবৃদ্ধির চাপ কমানো। পণ্যগুলো সাশ্রয়ী দামে আমদানি করা সম্ভব হলে সাধারণ মানুষও তুলনামূলক কম দামে সেগুলো কিনতে পারবেন। মূল্যস্ফীতির কারণে মানুষের ওপর যে বাড়তি চাপ তৈরি হয়েছে, রমজানে তা আরও বাড়ুক, বাংলাদেশ ব্যাংক সেটি চায় না। মানুষকে কিছুটা স্বস্তি দিতেই এ সু‌বিধা দেওয়া হয়েছে।

পণ্যের দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে আরিফ হোসেন খান বলেন, চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে পণ্যের দাম বেড়ে যায়। এ কারণে আগেভাগেই সার্কুলার জারি করা হয়েছে, যাতে আগ্রহী আমদানিকারকরা এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন। তারা পর্যাপ্ত পণ্য আমদানি করতে পারলে বাজারে সরবরাহ বাড়বে এবং পণ্যের দামও স্থিতিশীল রাখা সম্ভব হবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com