• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, কিয়েভে নিহত ১ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ১৬ নভেম্বর বসছে বোর্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, নিরাপত্তাহীনতায় পড়বে সরকার: নাসীরুদ্দীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট

প্রবাস পোস্ট ডেস্ক / ১২ টাইম:
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা দেশীয় কর্তৃপক্ষের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করানোর কোনো আইনি সুযোগ নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বিদেশি কোনো আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিজে থেকেই বাংলাদেশের ভূখণ্ডে কার্যকরযোগ্য হয়ে যায় না। যার ফলে গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার বা হস্তান্তর করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের ওপর কোনো বাধ্যবাধকতাও সৃষ্টি করে না।

সম্প্রতি ‘জেরাব এলএলসি বনাম রাষ্ট্র এবং অন্যান্য’ মামলায় হাইকোর্ট এমন অভিমত দেন।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের একটি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. সানোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুল ওয়াহাব। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী, সহকারী অ্যাটর্নি জেনারেল রাকিব হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. গোলাম রাজীব এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ফুয়াদ হাসান।

মামলার পটভূমি ও আইনজীবীদের বক্তব্য

মোহাম্মদ আল ফয়জুল আলম বাংলাদেশের নাগরিক। তিনি সংযুক্ত আরব আমিরাতে জেরাব এলএলসি এ কর্মরত থাকা অবস্থায় অর্থ আত্মসাতের অপরাধ করেন এবং পরে বাংলাদেশে ফিরে আসেন। এ ঘটনায় দুবাইয়ের সংশ্লিষ্ট আদালতে বিচার শেষে তাকে এক বছরের কারাদণ্ড এবং ২৭ লাখ ৭৩ হাজার ৯৬৪ দিরহাম জরিমানা করা হয়। তবে দণ্ডিত ব্যক্তি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে ২০২২ সালের ৪ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

রিট আবেদনকারীর দাবি, পরবর্তী সময়ে একটি গণমাধ্যমের প্রকাশিত সংবাদের মাধ্যমে রিট আবেদনকারীরা জানতে পারেন- একজন ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে মোহাম্মদ আল ফয়জুল আলমকে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যর্পণ বা হস্তান্তরের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর আবেদন করা হয়। কিন্তু এসব আবেদনের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় রিটকারী প্রতিষ্ঠান হাইকোর্টে রিট দায়ের করেন।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, বাংলাদেশে কোনো বেসরকারি কোম্পানির সরাসরি আবেদনের ভিত্তিতে বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের সুযোগসংবলিত কোনো প্রযোজ্য চুক্তি, আইনি বিধান বা কাঠামো নেই। সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকেও নির্ধারিত সরকারি চ্যানেলে প্রত্যর্পণ বা হস্তান্তরের কোনো আনুষ্ঠানিক অনুরোধ বাংলাদেশ সরকার পায়নি। এ অবস্থায় রিট আবেদনকারীর ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার আইনগত ভিত্তি নেই।

হাইকোর্টের অভিমত ও সিদ্ধান্ত

হাইকোর্ট বলেন, আমরা উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেছি, রিট আবেদন ও এর সঙ্গে সংযুক্ত নথিপত্র পর্যালোচনা করেছি এবং উপস্থাপিত যুক্তিতর্ক বিবেচনা করেছি। একটি সুপ্রতিষ্ঠিত আইনগত নীতি হলো, গ্রেপ্তার এবং কোনো ব্যক্তিকে বিদেশি রাষ্ট্রের কাছে প্রত্যর্পণ বা হস্তান্তরসহ বলপ্রয়োগমূলক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট আইনের কর্তৃত্ব থাকতে হবে। বিদেশি আদালত কর্তৃক জারি করা কোনো পরোয়ানা শুধু জারি হওয়ার কারণেই বাংলাদেশের ভূখণ্ডে স্বয়ংক্রিয়ভাবে বলবৎযোগ্য হয়ে যায় না কিংবা তা কার্যকর করার জন্য দেশের অভ্যন্তরীণ কর্তৃপক্ষের ওপর কোনো বাধ্যবাধকতাও সৃষ্টি করে না। সুতরাং এ ধরনের যেকোনো পদক্ষেপ অবশ্যই দেশের প্রযোজ্য আইনি কাঠামো এবং তাতে নির্ধারিত পদ্ধতির ভিত্তিতে গ্রহণ করতে হবে।

হাইকোর্ট আরও বলেন, বিদেশি ফৌজদারি কার্যক্রমে কোনো বেসরকারি পক্ষের স্বার্থ বা সংশ্লিষ্টতা থাকলেও কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদন দাখিল করার মাধ্যমে তারা বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য করতে পারে না। যতক্ষণ পর্যন্ত বিবাদীদের পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে কোনো বিধিবদ্ধ বা সাংবিধানিক বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ তাদের কথিত নিষ্ক্রিয়তাকে এমন কোনো সরকারি দায়িত্ব পালনে ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা যায় না।

অতএব, আমরা মনে করি, বিবাদীদের বিরুদ্ধে নির্দেশনা চাওয়ার ক্ষেত্রে রিট আবেদনকারী আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তাই কোনো রুল জারি না করে উপরোক্ত পর্যবেক্ষণসহ রিট আবেদনটি সরাসরি নিষ্পত্তি করা হলো।

Share this news as a Photo Card


আরো নিউজ

বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com