মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় চালানো এ হামলায় আহত হয়েছেন আরও ১৮ জন। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা শনিবার এ তথ্য জানিয়েছেন।
রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে থেকে উত্তর-পূর্বে পোনাগিউন এলাকার বিয়ার লা বাস্তুচ্যুত মানুষের শিবিরে এ হামলা হয়। নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে।
হামলায় নিজের মেয়ে, খালা ও মাকে হারিয়েছেন ২৭ বছর বয়সী দোকানি চিত সু ওয়াই। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় বোমা হামলার পর স্বজনদের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেন তিনি।
তিনি বলেন, তাদের মরদেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেছি। কীভাবে সেই দৃশ্যের বর্ণনা দেব, তা বুঝতে পারছিলাম না। আমরা শুধু কেঁদেছি। এতে আমাদের পরিবার পুরোপুরি ভেঙে গেছে।
চিত সু ওয়াই আরও বলেন, আমরা যুদ্ধবিমানের কোনো শব্দ শুনতে পাইনি। বিমানটি হঠাৎ এসে বোমা ফেলে চলে যায়।
ফিউসিন ইয়িন খুইন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাইন হেইন হটেটও নিহতের সংখ্যা ১২ বলে নিশ্চিত করেছেন। উদ্ধার ও জরুরি সেবা নিয়ে কাজ করে সংস্থাটি। ২৪ বছর বয়সী এই উদ্ধারকর্মী জানান, হামলায় আহত হয়েছেন আরও ১৮ জন। শিবিরটির অনেক বাসিন্দা প্রায় চার বছর ধরে সেখানে বসবাস করছিলেন।
তিনি বলেন, নিরাপদ মনে করেই মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন। হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, বেশির ভাগ মরদেহ একই জায়গায় পড়ে আছে। এলাকাটি কোনো যুদ্ধক্ষেত্র ছিল না। তাই শিবিরটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে, তা কেউ ভাবেননি।
ধ্বংসস্তূপে পরিণত গ্রাম
শনিবার গ্রামটিতে গিয়ে দেখা যায়, বাঁশের তৈরি ঘরবাড়ি ভেঙে পড়ে আছে। ধ্বংসস্তূপের মধ্যে উল্টে থাকা একটি যানবাহনের অংশ, ঘরের আসবাব ও কাপড়চোপড় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা এরই মধ্যে মরদেহগুলো উদ্ধার করে হলুদ ও লাল রঙের প্লাস্টিকে মুড়ে অস্থায়ী কবরে দাফন করেছেন।
৪৫ বছর বয়সী টুকটুকচালক অং কিয়াও মিন জানান, হামলার খবর পেয়ে তিনি দ্রুত গ্রামটিতে ছুটে যান। সেখানে তার ভাই ও বোন থাকতেন।
তিনি বলেন, আমি যখন পৌঁছাই, তখন আমার বোনের মাথা ছিল না। ভাইও মারা গিয়েছিল।
পরদিন তিনি জানতে পারেন, তার মাও হামলায় নিহত হয়েছেন। এ ছাড়া ১০ বছর বয়সী এক শিশুসহ পরিবারের আরও কয়েকজন সদস্য নিখোঁজ রয়েছেন।
অং কিয়াও মিনের বোন ছিলেন একজন দর্জি। তিনি তাদের মায়ের দেখাশোনা করতেন। আর তার ভাইও তার মতো টুকটুক চালাতেন।
কান্নায় ভেঙে পড়ে অং কিয়াও মিন বলেন, আমার বোন, ভাই, এমনকি মাও মারা গেছেন। আমার ভাগনে-ভাগনিরা এখনো নিখোঁজ। তাদের কোথায় খুঁজব, জানি না।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। ওই অভ্যুত্থানের প্রতিবাদে গণতন্ত্রপন্থী কর্মী ও বিভিন্ন জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
পশ্চিম উপকূলের রাখাইন রাজ্য গৃহযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। রাজ্যটির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে জাতিগত সংখ্যালঘুদের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। সামরিক বাহিনী এলাকাটি অবরুদ্ধ করে রেখেছে এবং সেখানে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে।
সর্বশেষ হামলার বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, গৃহযুদ্ধ শুরুর পর থেকে মিয়ানমারের সব পক্ষ মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
সূত্র: এএফপি