অনেক সময় মেঝে থেকে কিছু তুলতে, জুতা পরতে কিংবা সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে গেলেই কোমরের নিচে ব্যথা শুরু হয়। অথচ সোজা হয়ে দাঁড়ালে বা একটু হাঁটাহাঁটি করলেই সেই ব্যথা অনেকটা কমে যায়। এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন, শরীরের ভঙ্গি বদলানোর সঙ্গে কোমর ব্যথার এতটা তারতম্য হয় কেন? এটি কি শুধুই পেশির টান, নাকি মেরুদণ্ডের কোনও সমস্যার ইঙ্গিত? বিশেষজ্ঞদের মতে, এমন ব্যথার পেছনে একাধিক কারণ থাকতে পারে।
আমরা যখন সামনের দিকে ঝুঁকি, তখন কোমরের মেরুদণ্ড, আশপাশের পেশি, লিগামেন্ট এবং ডিস্কের ওপর চাপের বণ্টন বদলে যায়। দীর্ঘক্ষণ বসে থাকা, ভুল ভঙ্গিতে কাজ করা কিংবা হঠাৎ ভারী কিছু তোলার ফলে কোমরের পেশিতে অতিরিক্ত চাপ পড়তে পারে। এতে ব্যথা বা পেশিতে টান অনুভূত হয়।
আবার সোজা হয়ে দাঁড়ালে কিংবা হালকা হাঁটাহাঁটি করলে পেশির অবস্থান ও চাপের পরিবর্তন ঘটে। ফলে অনেক ক্ষেত্রে ব্যথা কমে আসে। তবে সামনের দিকে ঝুঁকলেই ব্যথা হওয়া মানেই যে মেরুদণ্ডে গুরুতর সমস্যা হয়েছে, এমন নয়।
ব্যথার ধরন ও সঙ্গে থাকা অন্যান্য উপসর্গ থেকে কিছুটা ধারণা পাওয়া যায়। যদি কোমরের নির্দিষ্ট একটি জায়গায় ব্যথা থাকে এবং বিশ্রাম, হালকা হাঁটাহাঁটি কিংবা বসার ভঙ্গি পরিবর্তন করলে কমে যায়, তবে পেশির টান বা ভুল ভঙ্গি এর কারণ হতে পারে।
অন্যদিকে ব্যথা যদি কোমর থেকে নিতম্ব হয়ে পায়ের দিকে ছড়িয়ে পড়ে, সঙ্গে পায়ে ঝিনঝিন করা, অবশ ভাব বা দুর্বলতা দেখা দেয়, তবে স্নায়ুর ওপর চাপ বা ডিস্কের সমস্যার সম্ভাবনা থাকে। বিশেষ করে কোমরের ডিস্ক সরে গিয়ে স্নায়ুতে চাপ তৈরি করলে এমন উপসর্গ দেখা দিতে পারে। তবে শুধু লক্ষণ দেখে নিশ্চিতভাবে রোগ নির্ণয় করা সম্ভব নয়। প্রয়োজনে চিকিৎসকের শারীরিক পরীক্ষা ও অন্যান্য পরীক্ষার প্রয়োজন হতে পারে।
হালকা কোমর ব্যথা হলে দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকার প্রয়োজন নেই। বরং শরীরের সামর্থ্য অনুযায়ী হালকা হাঁটাহাঁটি ও স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করুন।
একটানা দীর্ঘক্ষণ বসে থাকবেন না। কাজের ফাঁকে উঠে একটু হাঁটুন। বসার সময় পিঠ সোজা রাখুন এবং কোমরে প্রয়োজনীয় সমর্থন দিন। ভারী জিনিস তোলা এড়িয়ে চলুন। কোনো কিছু তুলতে হলে কোমর বেশি বাঁকিয়ে না তুলে হাঁটু ভাঁজ করে শরীরের কাছাকাছি রেখে তুলুন। ব্যথা হলে কাপড়ে মোড়ানো গরম বা ঠান্ডা সেঁকও সাময়িক আরাম দিতে পারে। তবে যে ব্যায়াম বা ভঙ্গিতে ব্যথা বাড়ে, তা জোর করে করবেন না।
কোমর ব্যথা কয়েক দিনেও না কমলে, বারবার ফিরে এলে, ক্রমশ বাড়তে থাকলে কিংবা দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পড়ে যাওয়া বা আঘাতের পর ব্যথা শুরু হলেও অবহেলা করবেন না।
তবে কিছু বিপদ সংকেত রয়েছে, যেগুলো দেখা দিলে অপেক্ষা করা একেবারেই ঠিক নয়। যেমন-
এগুলো মেরুদণ্ডের নিচের দিকের স্নায়ুতে গুরুতর চাপের লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে অবিলম্বে জরুরি বিভাগে যেতে হবে।
কোমর ব্যথা হলেই ভয় পাওয়ার প্রয়োজন নেই। তবে শরীরের দেওয়া সংকেত উপেক্ষা করাও ঠিক নয়। ব্যথার ধরন বুঝে প্রয়োজনীয় সতর্কতা এবং সময়মতো চিকিৎসা নিলেই অনেক ক্ষেত্রে বড় জটিলতা এড়ানো সম্ভব।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ক্লিভল্যান্ড ক্লিনিক