একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। কিছু সময় পর শ্রমিকরা আবার বিভিন্ন দিক থেকে জড়ো হন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এ ঘটনায় ওই সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কিছু কিছু স্থানে ধীরগতিতে যানবাহন চলাচল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুরসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, চান্দনা চৌরাস্তা ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।