প্রশ্ন: আমার দুধের ছেলে যে এখনও শুধু দুধই খায় আমার পোশাকে তার পেশাব লেগে শুকিয়ে যায়। আমি ভুলে ওই পোশাকটি পরেই চার ওয়াক্ত নামাজ আদায় করে ফেলেছি। এখন ওই নামাজের হুকুম কী?
উত্তর: বড়দের প্রস্রাবের মতো দুধের শিশুদের প্রস্রাবও নাপাক। ছেলে শিশু হোক বা মেয়ে শিশু হোক, এক দিন বা এক বছর বয়সী হোক, সর্বাবস্থায় প্রস্রাব নাপাক। বড়দের প্রস্রাব লাগলে যেমন কাপড় নাপাক হয়, দুধের শিশুর প্রস্রাব লাগলেও কাপড় নাপাক হবে।
তাই আপনার পোশাকে লেগে যাওয়া শিশুর প্রস্রাব যদি এক দিরহামের আয়তনের (অর্থাৎ হাতের তালুর গভীরতা সমপরিমাণ) কম না হয়ে থাকে, তাহলে ওই পোশাক পরে আপনার আদায় করা চার ওয়াক্ত নামাজ শুদ্ধ হয়নি। ওই চার ওয়াক্তের ফরজ নামাজ কাজা করে নেবেন।
প্রস্রাব এবং দেখা যায় না এমন যে কোনো নাপাকি যদি কাপড়ে লাগে, তাহলে নাপাক জায়গা তিনবার ধৌত করে পবিত্র করতে হয়। প্রত্যেকবার ধৌত করার পর কাপড় ভালোভাবে নিংড়াতে হয়।
দেখা যায় এমন নাপাক কিছু যেমন মল বা রক্ত যদি কাপড়ে লেগে যায়, তাহলে ওই নাপাকি ধুয়ে ফেললে এবং নাপাকির রঙ ও গন্ধ দূর হয়ে গেলে কাপড় পাক হয়ে যায়। তিনবার ধোয়া উত্তম হলেও জরুরি নয়।