মিথ্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন ওমর সানী। সেখানে তিনি লেখেন, ‘মিথ্যাচারের বিরুদ্ধে আজকে আমার সাংবাদিক সম্মেলন, বিকেল ৪টা ৩০মিনিট। স্থান: শিল্পী সমিতি বিএফডিসি। বিনোদন সাংবাদিক সবাই আসবেন।’
তবে ঠিক কোন বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন, তা স্ট্যাটাসে বিস্তারিত উল্লেখ করেননি এই অভিনেতা। সম্প্রতি স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহেসান স্বাধীনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের মধ্যে তার এই ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন কৌশলে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন ওমর সানী।
তিনি জানান, ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন এই অভিনেতা। ফলে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরটি বানোয়াট বলে জানান তিনি।
এদিকে, মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছেন ফারদিনও। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
ফারদিন লেখেন, ‘২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে, প্যাকেটে করে বাসায় যাও, এইগুলো ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।’
ফারদিনের ওই পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশট দেখা যায়। তার অভিযোগ, এসব পেজে ওমর সানী ও মৌসুমীর পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছিল। স্ক্রিনশটের পাশাপাশি একটি ভিডিও লিংকও শেয়ার করেন তিনি। তবে লিংকটিতে প্রবেশ করে ভিডিওটি আর পাওয়া যায়নি।
অন্যদিকে, ছেলের পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে তাকে ধন্যবাদ জানান ওমর সানী। মাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ফারদিনের অবস্থানের প্রতি সমর্থনও জানান এই অভিনেতা।
এমন পরিস্থিতিতে ‘মিথ্যাচারের বিরুদ্ধে’ সংবাদ সম্মেলন ডাকার ঘোষণা দিয়েছেন ওমর সানী। সেখানে তিনি কী বিষয়ে কথা বলেন এবং সাম্প্রতিক গুঞ্জন নিয়ে কোনো বক্তব্য দেন কি না, তা জানতে অপেক্ষায় রয়েছেন বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা।