দৈনিক কালবেলার গাজীপুর প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক মঈন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে গাজীপুর মহানগরের গাছা থানার বোর্ডবাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় ‘জাতির কণ্ঠ’ পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ২৭ অক্টোবর গাজীপুর মহানগরের টঙ্গী এলাকা থেকে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদক-সন্ত্রাস-চাঁদাবাজবিরোধী নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস-এর গাজীপুর প্রতিনিধি মো. মোছাদ্দিকুর রহমান হাজী মুসা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক গণকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার শেখ জিসান। এ সময় বক্তব্য দেন গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আশরাফুল, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. নাসির উদ্দিন, মাদক-সন্ত্রাস-চাঁদাবাজবিরোধী নাগরিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন, জাতির কণ্ঠের সম্পাদক মো. মাজহার রুবেল, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহীদ, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মো. টুটুল, মানবাধিকারকর্মী আবুল কাশেম, দৈনিক নববাণীর গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম মাসুদ, আজকের বসুন্ধরার প্রতিনিধি মো. অভি, ময়না আক্তারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে অপহরণ ও নির্যাতনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানান তাঁরা।বক্তারা আরও বলেন, সাংবাদিক রিপনের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।