শীত আসার আগেই শুরু হয়ে যায় ঘর গুছিয়ে নেওয়ার প্রস্তুতি। আলমারি থেকে বের করা হয় পুরোনো লেপ-কম্বল, আবার অনেকেই নতুন লেপ কেনার পরিকল্পনা করেন। বাজারে এখন তুলার লেপের পাশাপাশি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফাইবারের লেপও মানে কমফোর্টার। দেখতে সুন্দর, ওজনে হালকা এবং নানা নকশায় পাওয়া যায় বলে অনেকেই কমফোর্টার কিনতে আগ্রহী। অন্যদিকে বহু বছর ধরে তুলার লেপ ব্যবহার করে আসা মানুষের কাছে এর আরাম ও উষ্ণতার আলাদা কদর রয়েছে।
তুলার লেপ ও কমফোর্টারের সুবিধা-অসুবিধা জানলে নিজের প্রয়োজন অনুযায়ী সঠিকটি বেছে নেওয়া সহজ হবে।
অনেক বাড়িতেই লাল বা নকশা করা কাপড়ে মোড়ানো তুলার লেপ দেখা যায়। শীতের রাতে এই লেপের নিচে আরাম করে ঘুমানোর অভিজ্ঞতা অনেকের কাছেই পরিচিত। তুলা দিয়ে তৈরি হওয়ায় লেপের ভেতরে বাতাস আটকে থাকে, যা শরীরের উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে। লেপে তুলার পরিমাণ ও ঘনত্ব ঠিক থাকলে এটি বেশ ভালো উষ্ণতা দিতে পারে। যত্ন নিয়ে ব্যবহার করলে দীর্ঘদিনও টিকে থাকে।
তবে তুলার লেপের কিছু অসুবিধাও রয়েছে। সবচেয়ে বড় অসুবিধা এর ওজন। তুলার পরিমাণ বেশি হলে লেপ ভারী হয়ে যায়। ফলে ব্যবহার করা, ভাঁজ করে রাখা কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো বেশ কঠিন হতে পারে। শিশু ও বয়স্কদের জন্যও ভারী লেপ সামলানো অসুবিধাজনক।
এছাড়া তুলার লেপ পরিষ্কার করাও সহজ নয়। নোংরা হলে ধোয়া ও শুকানোর জন্য বাড়তি পরিশ্রম করতে হয়। ঠিকমতো শুকানো না হলে ভেতরে স্যাঁতসেঁতে ভাব ও দুর্গন্ধ তৈরি হতে পারে। তাই নিয়মিত রোদে দেওয়া জরুরি। দীর্ঘদিন ব্যবহারের ফলে ভেতরের তুলা এক জায়গায় জমে দলা পাকিয়েও যেতে পারে।
কমফোর্টার সাধারণত সিনথেটিক পলিয়েস্টার দিয়ে তৈরি হয়। তুলার লেপের তুলনায় এগুলো হালকা হওয়ায় ব্যবহার ও সংরক্ষণ করা সহজ। বাজারে বিভিন্ন রং, নকশা ও আকারের ফাইবারের লেপ পাওয়া যায়। কিছু লেপ ওয়াশিং মেশিনে পরিষ্কার করা গেলেও কেনার আগে পরিষ্কারের নির্দেশনা দেখে নেওয়া উচিত।
তবে কমফোর্টার মান ভালো না হলে কিছুদিন ব্যবহারের পর এর ফোলাভাব কমে যেতে পারে। এতে চুপসে গিয়ে আগের মতো উষ্ণতা নাও দিতে পারে। নিম্নমানের কমফোর্টার বেশি শীতের সময় যথেষ্ট উষ্ণতা দিতে ব্যর্থ হতে পারে। আবার তুলার লেপে অভ্যস্ত অনেকের কাছে ফাইবারের কাপড়ের স্পর্শও পছন্দ হয় না।
তুলার লেপ ও কমফোর্টারের মধ্যে কোনটি বেছে নেবেন, তা নির্ভর করবে আপনার এলাকার শীত, ব্যক্তিগত পছন্দ এবং ব্যবহারের সুবিধার ওপর। যেখানে শীতের তীব্রতা বেশি, সেখানে পর্যাপ্ত তুলা ও ভালো ঘনত্বের লেপ আরামদায়ক হতে পারে। তবে তুলার পরিমাণ বেশি হলেই যে প্রতিটি লেপ বেশি উষ্ণ হবে, এমন নয়। লেপের মান ও তৈরির ধরনও গুরুত্বপূর্ণ। অন্যদিকে তুলনামূলক কম শীতের এলাকায় কমফোর্টার ব্যবহার করা যায়।
যারা সহজে বহন কারা যায়, ভাঁজ করে রাখা যায় এবং পরিষ্কার করতে সুবিধা হয়-এমন কিছু চান, তাদের জন্য কমফোর্টার ভালো বিকল্প হতে পারে। শিশু বা বয়স্কদের জন্য কমফোর্টার পছন্দ করবে।
কমফোর্টার কেনার সময় শুধু দাম বা বাইরের নকশা দেখে সিদ্ধান্ত নেবেন না। ভেতরে কী উপাদান ব্যবহার করা হয়েছে, লেপের ঘনত্ব কেমন, সেলাই ঠিক আছে কি না এবং আকার প্রয়োজন অনুযায়ী কি না, তা দেখে নিন।কমফোর্টার হলে পরিষ্কারের নিয়ম জেনে নিন। তুলার লেপের ক্ষেত্রে তুলার মান ও পরিমাণ যাচাই করুন।
সূত্র: নিউজ এইটটিন, টি.টি বাজার