প্রতিদিনের খাবারে লেবু অনেকেই খেয়ে থাকেন। এক কাপ চায়ে কয়েক ফোঁটা লেবুর রস, কখনো ভাতের সঙ্গে লেবু মেখে খাওয়া, আবার কখনো সালাদ কিংবা সবজির স্বাদ বাড়াতে লেবুর জুড়ি নেই। কিন্তু একটি লেবু কাটার পর অনেক সময় অর্ধেকটা অব্যবহৃত থেকে যায়। তখন সেটি ফ্রিজে রেখে দেন। কিন্তু পরদিন বের করে দেখা যায়, লেবুর কাটা অংশ শুকিয়ে গেছে, খোসা কুঁচকে গেছে, এমনকি আগের মতো রসও পাওয়া যাচ্ছে না।
তবে সামান্য একটি কৌশল জানলে অর্ধেক লেবু কিছুটা বেশি সময় সতেজ রাখা সম্ভব। এর জন্য বাড়তি কোনো ঝামেলা বা দামি সরঞ্জামের প্রয়োজন নেই। রান্নাঘরে থাকা অ্যালুমিনিয়াম ফয়েল কিংবা একটি এয়ারটাইট কন্টেইনারই হতে পারে সহজ সমাধান।
পুরো লেবু ব্যবহার না হলে বাকি অংশটি ফেলে দেওয়ার প্রয়োজন নেই। তবে ফ্রিজে রাখার আগে কাটা অংশটি ভালোভাবে ঢেকে নেওয়া জরুরি। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন। প্রথমে লেবুর কাটা অংশটি ফয়েলের সঙ্গে ভালোভাবে লাগিয়ে মুড়িয়ে নিন। খেয়াল রাখবেন, যেন কাটা অংশটি খোলা না থাকে। এরপর একটি পরিষ্কার পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করুন।
এই পদ্ধতিতে লেবুর কাটা অংশ সরাসরি ফ্রিজের বাতাসের সংস্পর্শে আসে না। ফলে আর্দ্রতা দ্রুত কমে যাওয়ার আশঙ্কা কমে। পাশাপাশি ফ্রিজে থাকা অন্যান্য খাবারের গন্ধও লেবুতে সহজে ছড়িয়ে পড়তে পারে না।
লেবু কাটার সঙ্গে সঙ্গেই এর ভেতরের রসালো অংশ বাতাসের সংস্পর্শে আসে। ফ্রিজের ঠান্ডা পরিবেশে দীর্ঘ সময় খোলা অবস্থায় থাকলে কাটা অংশ থেকে ধীরে ধীরে আর্দ্রতা হারিয়ে যেতে পারে। ফলে লেবুর ভেতরের অংশ শুকিয়ে যায়, খোসা কুঁচকে যেতে শুরু করে এবং রস বের করাও কঠিন হয়ে পড়ে। এছাড়া ফ্রিজে পেঁয়াজ, রসুন, মাছ, মসলাযুক্ত খাবার কিংবা নানা ধরনের রান্না করা খাবার রাখা হয়। এসব খাবারের তীব্র গন্ধ লেবুর স্বাদ ও গন্ধে প্রভাব ফেলতে পারে। তাই অর্ধেক লেবু খোলা অবস্থায় না রেখে ঢেকে সংরক্ষণ করাই ভালো।
অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলেও চিন্তার কিছু নেই। অর্ধেক লেবু সংরক্ষণের জন্য আরও কয়েকটি সহজ উপায় রয়েছে।
একটি পরিষ্কার, শুকনো ও ঢাকনাযুক্ত কন্টেইনারে অর্ধেক লেবু রাখতে পারেন। লেবুর কাটা অংশ নিচের দিকে দিয়ে পাত্রে রাখুন। এরপর ঢাকনা ভালোভাবে বন্ধ করে ফ্রিজে রাখুন। এতে বাতাসের সংস্পর্শ কমবে এবং লেবু সহজে শুকিয়ে যাবে না।
বর্তমানে বাজারে পুনরায় ব্যবহারযোগ্য সিলিকন ফুড কভার পাওয়া যায়। এগুলো অর্ধেক লেবুর কাটা অংশের ওপর লাগিয়ে দেওয়া যায়। এতে কাটা অংশটি ঢেকে থাকে এবং সংরক্ষণ করাও সহজ হয়। ব্যবহারের পর কভারটি ধুয়ে আবার ব্যবহার করা যায়।
পরিষ্কার ফুড-গ্রেড জিপলক ব্যাগেও অর্ধেক লেবু রাখা যায়। ব্যাগের ভেতরের অতিরিক্ত বাতাস যতটা সম্ভব বের করে মুখ বন্ধ করে ফ্রিজে রাখুন।
লেবু ফ্রিজে রাখার আগে নিশ্চিত করুন, সেটি পরিষ্কার এবং ভালো অবস্থায় আছে। কাটা অংশে হাতের ময়লা বা অন্য খাবারের সংস্পর্শ যেন না লাগে। লেবু সংরক্ষণের জন্য ব্যবহৃত পাত্র বা ফয়েলও পরিষ্কার হওয়া জরুরি। ফ্রিজে রাখার পর যত দ্রুত সম্ভব ব্যবহার করুন। ব্যবহারের আগে লেবুর গন্ধ, রং ও গঠন পরীক্ষা করে নিন। ছত্রাক, অস্বাভাবিক গন্ধ বা পিচ্ছিল ভাব দেখা গেলে সেটি খাবেন না।
একটি ছোট অভ্যাসেই কমতে পারে খাবারের অপচয়। তাই পরেরবার লেবু কাটার পর অর্ধেকটা ফেলে না দিয়ে সঠিকভাবে ঢেকে ফ্রিজে রাখুন। এতে প্রয়োজনের সময় লেবুর বাকি অংশ ব্যবহার করা সহজ হবে, আর অযথা অপচয়ও কমবে।
সূত্র: সাউদার্ন লিভিং, এনডিটিভি