দলটা চূড়ান্ত করা হয়েছে এক সপ্তাহ আগেই। যে তালিকায় মাহমুদুল হাসান জয়ের নাম খুব ভালোভাবেই ছিল; কিন্তু একদিনের ব্যবধানে বদলে গেলো সব। গতকাল বিকালেই মেডিকেল টিম নির্বাচকদের জানিয়ে দিয়েছে, চোটে পড়া জয়ের পক্ষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সম্ভব না। ব্যাস, তাতেই কপাল খুলে গেলো নাঈম শেখের। ৪ বছর পর আবার টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি, যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়।
সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সোমবার ম্যাচের শেষদিনে লাঞ্চ বিরতিতে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সেখানে নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমের পর তৃতীয় নামটা ঘোষণা করতেই বিষ্ময় ভর করে পুরো সংবাদ সম্মেলন কক্ষে।
কারণ গত কয়েকদিন ধরেই আলোচনা ছিল, দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন মাহফুজুল ইসলাম রবিন ও মাহমুদুল হাসান জয়। মূলত এই দুটো পরিবর্তনই হতে পারে। তবে দল ঘোষণার সময় জানা গেলো জয় নয়, দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন নাঈম শেখ।
একটু পরই অবশ্য প্রধান নির্বাচক নিশ্চিত করেন জয়েরই যাওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকায়; কিন্তু আচমকা চোট তাকে ছিটকে দিয়েছে দলে ফেরার আগেই। সেখানে ২০২২ সালে একমাত্র টেস্ট খেলা নাঈম শেখের ফেরর দরজা খুলেছে।
সুমন বলছিলেন, ‘দুর্ভাগ্যবশত, মেডিকেল টিম থেকে কাল (রোববার) বিকেলেই জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজে জয় খেলতে পারবেন না। এ কারণে তাকে রাখা যায়নি।’
নির্বাচকদের অবশ্য শেষ মুহূর্তে জয় ছিটকে পড়ায় খুব একটা সমস্যায় পড়তে হয়নি। চলতি জাতীয় ক্রিকেট লিগে নাঈম শেখ রীতিমতো রানের বন্যা বইয়ে দিচ্ছেন। ৭ ইনিংসে ৩ সেঞ্চুরি আর ১ ফিফটিতে ৬১২ রান করেছেন। আছে একটি ডাবল সেঞ্চুরিও। এর আগে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে গিয়েছিলেন নাঈম। সেখানে কোনো ফিফটি না পেলেও ৩০ ও ৩৪ রানের ইনিংস দুটি খেলেছিলেন তিনি। রান কম করলেও তার ব্যাটিং দেখে সন্তষ্ট হাবিবুল বাশার সুমন।
তিনি বলেন, ‘আর নাঈম শেখকে আমরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় (এ দলের সিরিজে) পাঠিয়েছিলাম। সেখানে তাকে বেশ ভালো মনে হয়েছে। এবার প্রথম শ্রেণির ক্রিকেটেও দারুণ ব্যাটিং করছে সে। (দ্বিতীয়) সর্বোচ্চ রান সংগ্রাহকও নাঈম। তাকে আমরা আগেও দেখেছি, তবে দক্ষিণ আফ্রিকা সফর এবং সাম্প্রতিক সময়ে প্রথম শ্রেণির পারফরম্যান্স বিবেচনায় মনে হয়েছে, সে এখন খুব ভালো ফর্মে আছে। সে কারণেই নাঈম শেখকে দলে নেওয়া হয়েছে।’
২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতেও আরেকজনের চোটে অভিষেক হয় নাঈমের। ৪ বছর পর আবার ফিরছেন, সেটাও আরেকজনের চোটে। সবমিলিয়ে নাঈমকে ঘিরে দীর্ঘেমেয়াদি পরিকল্পনার প্রশ্নে প্রধান নির্বাচক বলেন, ‘আমি একটা বিষয় দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যত পরিকল্পনাই করি না কেন, শেষ পর্যন্ত খেলোয়াড়কে পারফরম্যান্স দিয়ে তার জবাব দিতে হবে। আপনি যেটাকে ব্যাকআপ বলছেন, অনেক ক্রিকেটারই এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। টেস্ট ম্যাচের একটা উদাহরণ দিই। এই ম্যাচে মুমিনুল হক খেললে তাওহীদ হৃদয়ের সুযোগ হতো না। কিন্তু হৃদয় সেই সুযোগ দুই হাতে কাজে লাগিয়েছে। তাই অনেক কিছুই ব্যক্তির ওপর নির্ভর করে।’
অন্যদিকে গত কয়েকটা সিরিজের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি সৌম্য সরকার। এবার স্কোয়াডেও জায়গা পাননি তিনি। মূলত জাতীয় ক্রিকেট লিগে তার ব্যাটিং দেখে পছন্দ হয়নি নির্বাকচদের। ৩ ইনিংসে করেছেন মাত্র ৩১ রান।
হাবিবুল বাশার সুমন বলছিলেন, ‘সৌম্য সরকারকে আমরা ওপেনার হিসেবে দলে নিয়েছিলাম; কিন্তু তাকে সেই সুযোগ দিতে পারিনি, এটা আমিও স্বীকার করছি। তবে এই মুহূর্তে সৌম্যর ফর্ম নিয়েও আমরা কিছুটা চিন্তিত। (আফগানিস্তান) টেস্ট সিরিজ থেকে ফেরার পর আমরা আশা করেছিলাম, সে প্রথম শ্রেণির ক্রিকেটে রান করবে। কিন্তু সেখানে তার কাছ থেকে খুব একটা রান পাইনি। তাকে অবশ্যই দলে নিতে পারতাম, যেহেতু আগেও নিয়েছিলাম; কিন্তু সুযোগ দিতে না পারার পাশাপাশি বর্তমান ফর্ম বিবেচনায়ও আমরা খুব একটা সন্তুষ্ট নই। অন্যদিকে, নাঈম শেখকে এখন ভালো ফর্মে মনে হচ্ছে। তাই এই মুহূর্তে আমরা তাকে কাজে লাগাতে চাই।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সপ্তাহে মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত লাগে মুমিনুল হক সৌরভের। তার জায়গায় কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন জাকের আলী। এরপর আইনের গ্যাঁড়াকলে সিলেট টেস্টে খেলা হয়নি মুমিনুলের। তার জায়গায় স্কোয়াডে ফেরা অমিত হাসানও ছিলেন একাদশের বাইরে। দক্ষিণ আফ্রিকা সিরিজেও জায়গা হয়নি তার।
অমিতকে না রাখার ব্যাখায় জাকেরকে এগিয়ে রেখেছেন প্রধান নির্বাচক, ‘অমিতকে আমরা মূলত ব্যাকআপ উইকেটকিপার হিসেবে দলে নিয়েছিলাম। এই টেস্টে তাকে বাড়তি ব্যাটার হিসেবেও বিবেচনায় রাখা হয়েছিল। তবে আমাদের দলে জাকের আলী আছে। ব্যাটিং অর্ডার দেখলে বোঝা যাবে, সাত নম্বর পর্যন্ত ব্যাটারদের খুব একটা সুযোগ হচ্ছে না। সে কারণে জাকের আলী থাকায় অমিতের খেলার সুযোগ হয়নি।’