গাজীপুরের টঙ্গীতে ওসমান গণি নাঈম (৯) নামে এক মাদরাসা ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে টঙ্গী বাজার মিফতাহুল উলুম মাদরাসায়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিনকে (২৪) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।
রোববার রাতে ভুক্তভোগী শিশুটির মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওসমান গণি নাঈম টঙ্গী বাজার নোয়াখালীপট্টির মিফতাহুল উলুম মাদরাসায় আবাসিক থেকে প্রথম শ্রেণিতে পড়ালেখা করে আসছিল। গত নভেম্বর রাত ১০টার দিকে মাদরাসার পঞ্চমতলায় আবাসিক হোস্টেলে ঘুমাতে যাওয়ার আগে তার সহপাঠীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল নাঈম। এ সময় পাশের কক্ষে কাপড় ইস্ত্রি করছিলেন শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিন ।
তাদের কথা বলার কারণে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে শিক্ষার্থী ওসমান গণি নাঈমকে ডেকে নিয়ে তার নিতম্বে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেন। এতে সে গুরুতর জখম হয়। এ সময় ওই শিক্ষক বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি প্রদর্শন করে এবং জানালে বড় ধরনের ক্ষতি হবে বলে হুমকি দেন।
পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষার্থী নাঈমের মা নাসিমা বেগম ছেলেকে মাদরাসা থেকে বাড়িতে আনতে গেলে বিষয়টি জানতে পারেন। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা রোববার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে গাজীপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।