রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে রাজধানীর রূপনগর থানা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল (২৭) নামে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া, সোমবার সকাল ৭টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ চারজন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে।