বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান। জবাবে, আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন আলবানিজ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) এর সাইডলাইনে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানান।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষ করে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন তিনি।
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়ন নিয়েও আলোচনা করেন।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় তারেক রহমান বলেন, এ সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান তিনি। একই সঙ্গে এ বিষয়ে দেশটির কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। এসব উদ্যোগের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ ও খাল খনন কর্মসূচির কথাও উল্লেখ করেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। জবাবে সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।