জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষায় বড় পরিবর্তন আনা হচ্ছে। যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে।
পাশাপাশি দেশের বিভিন্ন কলেজের প্রায় ১২ হাজার শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রথম ধাপে ৯০ জন কোর ট্রেইনারের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে পাঁচ দিনব্যাপী ‘কোর ট্রেইনার ট্রেনিং অন অ্যাপ্লাইড আইসিটি’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর দক্ষতা উন্নয়নে কাজ চলছে। এরই মধ্যে অনার্স প্রথম বর্ষে আইসিটি-১ কোর্স চালু করা হয়েছে। বর্তমানে প্রায় চার লাখ শিক্ষার্থী এ কোর্সে পড়াশোনা করছেন।
উপাচার্য জানান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), এটুআই ও ইউনিসেফের সহযোগিতায় অ্যাপ্লাইড আইসিটির নতুন সিলেবাস তৈরি করা হয়েছে। শ্রমবাজারের চাহিদা এবং শিল্পখাতের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে এ সিলেবাসে। এটি প্রণয়নে আইসিটি মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন।
অধ্যাপক আমানুল্লাহ বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলা জরুরি। এজন্য প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় ৯০ জন কোর ট্রেইনার নির্বাচন করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ৯০০ জন মাস্টার ট্রেইনার রয়েছেন। তাদের মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে অধিভুক্ত কলেজগুলোর প্রায় ১২ হাজার শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
কোর ট্রেইনারদের উদ্দেশে তিনি বলেন, ‘পাঁচ দিনব্যাপী স্বল্প সময়ের প্রশিক্ষণ শেষে আপনাদের মূল যাত্রা শুরু হলো। প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর দক্ষতা উন্নয়নের দায়িত্ব আপনাদের কাঁধে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের উদ্দেশ্য সফল হবে।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়টি বর্তমানে বড় ধরনের সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তোলাই এ সংস্কারের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিজ্ঞান ও আইসিটি বিষয়ে দক্ষ শিক্ষকের ঘাটতি দূর করতেও উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১০ নভেম্বর ৯০ জন কোর ট্রেইনারের পাঁচদিনের আবাসিক প্রশিক্ষণ শুরু হয়। এর আগে সাতদিনের অনলাইন প্রশিক্ষণ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের নির্বাচন করা হয়। আবাসিক প্রশিক্ষণে প্রতিদিন চারটি করে সেশনে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণার্থীদের দক্ষতা যাচাইয়ে প্রি-টেস্ট, পোস্ট-টেস্ট ও ব্যবহারিক মূল্যায়নের ব্যবস্থা ছিল। শনিবার প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের সনদ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলী এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক ড. সাদিয়া শারমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।