শোবিজের ঝলমলে জগতের আড়ালে লুকিয়ে আছে এমন অনেক ঘটনা, যেগুলোর রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। তারকাদের আকস্মিক মৃত্যু, অস্বাভাবিক পরিস্থিতিতে মরদেহ উদ্ধার কিংবা মৃত্যুর কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য- কয়েক দশক পেরিয়ে গেলেও এসব ঘটনা ঘিরে কৌতূহলের শেষ নেই।
পুরনো হলিউডের এমনই ১০টি রহস্যময় মৃত্যুর ঘটনা তুলে ধরেছে বিনোদনবিষয়ক সাময়িকী ‘এন্টারটেইনমেন্ট উইকলি’। তালিকায় রয়েছেন মেরিলিন মনরো, ‘সুপারম্যান’খ্যাত জর্জ রিভসসহ জনপ্রিয় বেশ কয়েকজন তারকা। কারও মৃত্যু আত্মহত্যা, কারওটি দুর্ঘটনা হিসেবে নথিভুক্ত হলেও নানা প্রশ্নের কারণে ঘটনাগুলো এখনো আলোচনায় আসে।
১. অলিভ থমাস
১৯২০ সালের ১০ সেপ্টেম্বর প্যারিসের একটি হাসপাতালে মারা যান অভিনেত্রী অলিভ থমাস। স্বামী জ্যাক পিকফোর্ডের সঙ্গে রিটজ হোটেলে অবস্থানকালে তিনি বিষাক্ত রাসায়নিক পদার্থ পান করেছিলেন। কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করেন, আবার কারও মতে, ঘুমের ওষুধ ভেবে ভুল করে বিষ পান করেছিলেন তিনি। শেষ পর্যন্ত তার মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে ঘোষণা করা হয়। তবে সেদিন আসলে কী ঘটেছিল, তা নিয়ে বিতর্ক রয়ে গেছে।
২. ভার্জিনিয়া র্যাপ
১৯২১ সালে অভিনেত্রী ভার্জিনিয়া র্যাপের মৃত্যু ঘিরে হলিউডে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। কমেডি তারকা রসকো ‘ফ্যাটি’ আরবাকলের আয়োজিত এক পার্টিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। চার দিন পর মূত্রথলি ফেটে সৃষ্ট সংক্রমণে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরবাকলের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তাকে তিন দফা বিচারের মুখোমুখি হতে হয়। শেষ পর্যন্ত জুরি তাকে নির্দোষ ঘোষণা করলেও তার অভিনয়জীবন আর আগের অবস্থায় ফিরতে পারেনি। পার্টিতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে বিতর্ক আজও রয়েছে।
৩. উইলিয়াম ডেসমন্ড টেলর
নীরব চলচ্চিত্র যুগের পরিচালক উইলিয়াম ডেসমন্ড টেলরকে ১৯২২ সালের ১ ফেব্রুয়ারি নিজের বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রথমে তার মৃত্যুর কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা বলা হলেও পরে শরীরে গুলির ক্ষত পাওয়া যায়। অভিনেত্রী মেবেল নরম্যান্ডসহ কয়েকজনের নাম তদন্তে উঠে আসে। বাড়ির পাশের এক নারী গুলির শব্দ শোনার পর এক অপরিচিত ব্যক্তিকে টেলরের বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিলেন বলেও জানান। তবে হত্যাকারীকে কখনো শনাক্ত করা যায়নি।
৪. পল বার্ন
প্রযোজক পল বার্নের সঙ্গে অভিনেত্রী জিন হারলোর বিয়ে টিকেছিল মাত্র দুই মাস। ১৯৩২ সালের ৫ সেপ্টেম্বর বেভারলি হিলসে নিজের বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বার্নের মরদেহ। ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়। তবে মরদেহের পাশে পাওয়া একটি ছোট চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। একই সময়ে তার আগের স্ত্রী ডরোথি মিলেটের নিখোঁজ হওয়া এবং পরে নদীতে মরদেহ উদ্ধারের ঘটনা রহস্য আরও বাড়িয়ে দেয়। পরবর্তী সময়ে হত্যার তত্ত্বও সামনে আসে, যদিও সরকারি সিদ্ধান্ত বদলায়নি।
৫. থেলমা টড
অভিনেত্রী থেলমা টডকে ১৯৩৫ সালের ডিসেম্বরে নিজের গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। গাড়িটি একটি গ্যারেজে রাখা ছিল। কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। তদন্তকারীরা প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা বলে ধারণা করেন। তবে তার প্রেমিক ও ব্যবসায়িক অংশীদার রোল্যান্ড ওয়েস্ট, সাবেক স্বামী প্যাট ডি সিকো এবং অপরাধজগতের সঙ্গে যুক্ত লাকি লুসিয়ানোর নামও নানা আলোচনায় আসে। তার মৃত্যু নিয়ে সন্দেহ ও জল্পনা কখনো পুরোপুরি থামেনি।
৬. ডেভিড বেকন
১৯৪৩ সালের ১২ সেপ্টেম্বর অভিনেতা ডেভিড বেকন গাড়ি নিয়ে একটি সড়ক থেকে ছিটকে শিমের ক্ষেতে গিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি রক্তাক্ত ও প্রায় অর্ধনগ্ন অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে সাহায্য চাইছিলেন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরে জানা যায়, তার পিঠে গভীর ছুরিকাঘাত করা হয়েছিল। হত্যার অস্ত্র উদ্ধার হয়নি, কাউকে গ্রেপ্তারও করা যায়নি। তার গাড়িতে পাওয়া ক্যামেরার ফিল্মে সৈকতে তার নগ্ন একটি ছবি পাওয়া যায়। কিন্তু সেই সূত্রও রহস্যের সমাধান করতে পারেনি।
৭. জর্জেট বাউয়ারডর্ফ
মাত্র ২০ বছর বয়সী জর্জেট বাউয়ারডর্ফকে ১৯৪৪ সালের ১২ অক্টোবর নিজের অ্যাপার্টমেন্টের বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায়। আগের রাতে তিনি হলিউড ক্যান্টিনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিলেন। প্রতিবেশী রাতের বেলায় তার চিৎকার শুনেছিলেন বলে জানান। ঘটনাস্থলের আশপাশে পাওয়া আঙুলের ছাপ এবং দূরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া তার গাড়ি তদন্তে নতুন সূত্র তৈরি করেছিল। ২০ জনের বেশি সেনাসদস্যের সঙ্গে তার চিঠি আদান-প্রদানের বিষয়টিও সামনে আসে। কিন্তু এত সূত্রের পরও হত্যাকারীকে শনাক্ত করা যায়নি।
৮. এলিজাবেথ শর্ট, ব্ল্যাক ডালিয়া
হলিউডের সবচেয়ে আলোচিত অমীমাংসিত হত্যাকাণ্ডগুলোর একটি এলিজাবেথ শর্টের মৃত্যু। ২২ বছর বয়সী এই তরুণী অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। ১৯৪৭ সালের ১৫ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের একটি ফাঁকা জায়গায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ভয়াবহভাবে বিকৃত করা হয়েছিল। সংবাদমাধ্যম পরে তাকে ‘ব্ল্যাক ডালিয়া’ নামে পরিচিত করে তোলে। এ ঘটনায় বহু সন্দেহভাজনের নাম সামনে এলেও হত্যাকারীকে শনাক্ত করা যায়নি। ছয় দশকের বেশি সময় পরও এ ঘটনা নিয়ে বই লেখা হচ্ছে, তৈরি হচ্ছে তথ্যচিত্র।
৯. জর্জ রিভস
টেলিভিশনে সুপারম্যান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া জর্জ রিভসকে ১৯৫৯ সালের ১৬ জুন নিজের বাড়ির শোবার ঘরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তার মাথায় একটি গুলির ক্ষত ছিল। কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করে। তবে ঘরের মেঝেতে আরও দুটি গুলির চিহ্ন, অস্ত্রের অস্বাভাবিক অবস্থান এবং পুলিশকে খবর দিতে দেরি হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। তার বাগদত্তা লিওনোর লেমন এবং সাবেক প্রেমিকা টনি ম্যানিক্সকে ঘিরেও নানা তত্ত্ব সামনে আসে। তবে সরকারি নথিতে তার মৃত্যুর কারণ আত্মহত্যাই।
১০. মেরিলিন মনরো
হলিউডের রহস্যময় মৃত্যুর তালিকায় মেরিলিন মনরোর নাম থাকবেই। ১৯৬২ সালের ৪ আগস্ট মাত্র ৩৬ বছর বয়সে মারা যান এই কিংবদন্তি অভিনেত্রী। তার মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত ওষুধ গ্রহণজনিত বিষক্রিয়ার কথা বলা হয় এবং ঘটনাটি সম্ভাব্য আত্মহত্যা হিসেবে নথিভুক্ত হয়। তবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও তার ভাই রবার্ট কেনেডির সঙ্গে মনরোর কথিত সম্পর্কের বিষয়টি ঘিরে নানা ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়ে। মৃত্যুর পর তার পাকস্থলী ও অন্ত্রের কিছু নমুনা পরীক্ষার জন্য আর পাওয়া যায়নি বলেও পরে জানা যায়। ১৯৮২ সালে তদন্তে হত্যার ষড়যন্ত্রের পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি। তবু মনরোর মৃত্যু নিয়ে রহস্য ও জল্পনা এখনো থামেনি।
পুরনো হলিউডের এই ঘটনাগুলোর কোনোটির ক্ষেত্রে হত্যাকারী শনাক্ত হয়নি, আবার কোনোটির সরকারি সিদ্ধান্ত নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠেছে। সময় পেরিয়ে গেলেও তারকাদের এসব মৃত্যু ইতিহাসের রহস্যময় অধ্যায় হয়েই রয়ে গেছে।
তথ্যসূত্র ও ছবি: এন্টারটেইনমেন্ট উইকলি








