• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, বেশিরভাগই মানবপাচারের শিকার খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: সেলিম উদ্দিন আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: অবরোধের চেষ্টা ব্যর্থ, বিভিন্ন কারখানায় ছুটি ব্যাটিংয়ে নামার আগেই বোল্ড, বিগ ব্যাশের অদ্ভুত নিয়মের শিকার ডটিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন

প্রবাস পোস্ট ডেস্ক / ১২ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১২৬ কোটি ৩৫ লাখ ১২ হাজার ২২৫ টাকা ব্যয়ের দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে খুলনায় পানি উৎপাদনের জন্য গভীর নলকূপ নির্মাণে ১০৪ কোটি ৬২ লাখ টাকা এবং চট্টগ্রামের পয়ঃনিষ্কাশন প্রকল্পের কারিগরি পরামর্শক সেবার মেয়াদ ও চুক্তিমূল্য বাড়াতে ২১ কোটি ৭২ লাখ টাকা ব্যয় করা হবে।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত প্রস্তাব সূত্রে জানা যায়, খুলনা পানি সরবরাহ প্রকল্পের (ফেজ-২) আওতায় প্যাকেজ নম্বর ডব্লিউ-০২-এর নির্মাণকাজ করবে আরএফএল প্লাস্টিকস লিমিটেড। এ জন্য ব্যয় হবে ১০৪ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৮০৯ টাকা। প্রকল্পে সরকারি অর্থায়নের পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন রয়েছে। স্থানীয় সরকার বিভাগের প্রস্তাব অনুযায়ী, এ প্যাকেজের আওতায় গভীর নলকূপ নির্মাণ, পাম্প, মোটর, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ (ভিএফডি), পাম্প হাউজ ও বৈদ্যুতিক কাজ করা হবে। নির্মাণকাজ শেষ হওয়ার পর দুই বছর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।

কাজটির জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে চারটি দরপ্রস্তাব জমা পড়ে। তবে এর মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশের ভিত্তিতে একমাত্র গ্রহণযোগ্য দরদাতা আরএফএল প্লাস্টিকস লিমিটেডকে কাজ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এর আগে গত ২০ মে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছিল। তবে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ করা দর প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) বরাদ্দ করা অর্থের চেয়ে কম হওয়ায় ডিপিপি সংশোধন করে পুনরায় প্রস্তাব উপস্থাপনের সিদ্ধান্ত হয়। পরে ডিপিপি সংশোধন করে অনুমোদনের জন্য আবারও প্রস্তাবটি তোলা হয়।

প্রস্তাবিত দর দাপ্তরিক প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ৬ দশমিক ৮ শতাংশ বেশি। প্রকল্পটি ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়। ২০২৫ সালের ১ অক্টোবর শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।

অন্যদিকে চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন (প্রথম সংশোধিত) প্রকল্পের কারিগরি পরামর্শক সেবার জন্য অতিরিক্ত ২১ কোটি ৭২ লাখ ৫৭ হাজার ৪১৬ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াবে ১০৩ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৯৯৭ টাকা।

স্থানীয় সরকার বিভাগের প্রস্তাব অনুযায়ী, ২০১৯ সালের ২৩ অক্টোবর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর যৌথভাবে চারটি প্রতিষ্ঠানকে কারিগরি পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো মালয়েশিয়ার ইরিনকো এসএনডি বিএইচডি এবং বাংলাদেশের বিইটিএস কনসালটিং সার্ভিসেস লিমিটেড, ডেভকনসালট্যান্টস লিমিটেড ও ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং। সে সময় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ৮২ কোটি ৮ লাখ ২ হাজার ৫৮০ টাকার চুক্তি করা হয়েছিল।

চুক্তির মেয়াদ গত ৩০ জুন শেষ হয়েছে। তবে প্রকল্পের নকশা পরিবর্তন, ডিপিপি সংশোধন এবং প্রকল্পের মেয়াদ বাড়ানোর কারণে অবশিষ্ট কাজ শেষ করতে পরামর্শক সেবা অব্যাহত রাখা প্রয়োজন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এ জন্য চুক্তির মেয়াদ ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়।

প্রস্তাবে বলা হয়েছে, প্রকল্পের অবশিষ্ট ২৪ শতাংশ কাজ বাস্তবায়নে তিনটি ডিজাইন-বিল্ড চুক্তির কার্যক্রম পরিচালনা, চুক্তি ব্যবস্থাপনা, গুণগত মান নিয়ন্ত্রণ এবং নির্মাণকাজ তদারকিতে কারিগরি পরামর্শকের প্রয়োজন রয়েছে। বিশেষ করে জটিল নির্মাণকাজ এবং বিদেশি কর্মীদের কাজ তদারকিতে পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তা অব্যাহত রাখা জরুরি। অতিরিক্ত এ ব্যয় মূল চুক্তিমূল্যের তুলনায় ২৬ দশমিক ৪৭ শতাংশ বেশি। প্রথম সংশোধিত প্রকল্পটি ২০২৫ সালের ২০ এপ্রিল একনেকে অনুমোদিত হয়। ২০১৮ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

Share this news as a Photo Card


আরো নিউজ

খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com