চোখে সানগ্লাস, সাদা টি-শার্ট পরনে, হাতে রাইফেল আর কোমরে পিস্তল। এমন ভঙ্গিতেই দেখা গেল চিত্রনায়ক জায়েদ খানকে। কারণ কী? জানা গেল, বর্তমানে তিনি কানাডায় রয়েছেন। সেখানেই এভাবে ধরা দিলেন অভিনেতা।
তার এই ছবি দেখে ভক্তদের মনে প্রশ্ন, কী কারণে অস্ত্র হাতে অভিনেতা? নতুন কোনো অ্যাকশন সিনেমার প্রস্তুতি, নাকি অন্য কোনো শুটিংয়ের অংশ?
জানা গেল, জায়েদ খানের এমন লুকের পেছনে রয়েছে কানাডায় নির্মিতব্য বাংলা সিনেমা ‘ভায়োলেন্স’। অ্যাকশনধর্মী এই সিনেমায় কানাডীয় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে হাতে রাইফেল ও কোমরে পিস্তল নিয়ে আলোচনায় আসা নির্দিষ্ট ছবিটি সিনেমাটির দৃশ্য কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
একটা সুত্রে জানা গেছে, ‘ভায়োলেন্স’ সিনেমার শুটিং দৃশ্য সময় তোলা ছবি।
কামাল হোসেন বাবর পরিচালিত ‘ভায়োলেন্স’-এ জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা। বর্তমানে কানাডায় চলছে সিনেমাটির শুটিং। যুক্তরাষ্ট্র থেকে সেখানে গিয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন জায়েদ। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী। কানাডীয় পুলিশের চরিত্রে জায়েদ খানের অভিনয়ের বিষয়টি ইতিমধ্যে আলোচনায় এসেছে।
এদিকে, বড় পর্দায় জায়েদ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে ২০২৪ সালের ‘সোনার চর’ -এর নাম পাওয়া যায়। দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা ‘ভায়োলেন্স’ দিয়ে তাকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা। সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।