গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জনাব শওকত হোসেন সরকারের নির্দেশনায় কাশিমপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কোনো ধরনের অপতৎপরতা ও নাশকতা রুখে দিতে শক্ত অবস্থান ও শোডাউন চালিয়েছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং থানা শ্রমিক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মৃধার নেতৃত্বে নেতা-কর্মীরা এলাকায় সতর্ক অবস্থান নেন এবং রাজপথে মহড়া দেন।
শোডাউন শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে আনোয়ার হোসেন মৃধা বলেন, “আওয়ামী লীগ বিগত দিনে যে অপশাসন ও জুলুম চালিয়েছে, তার বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ। তারা যতই চেষ্টা করুক না কেন, কাশিমপুরের শান্ত পরিবেশ বিনষ্ট করার মতো কোনো সুযোগ তাদের দেওয়া হবে না। কাশিমপুরের মাটিতে কোনো প্রকার নাশকতা সহ্য করা হবে না।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা রাজপথে প্রকাশ্যে যেমন সতর্ক আছি, তেমনি গোপনেও তাদের সকল ষড়যন্ত্রের খবর রাখছি। প্রকাশ্য ও গোপন—সবভাবেই তাদের নাশকতা প্রতিরোধ করতে আমরা পূর্ণ প্রস্তুত আছি।”
সমাবেশে কাশিমপুর থানা বিএনপি, শ্রমিক দল এবং যুবদল-ছাত্রদলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। রাজপথে তাদের এই সক্রিয় অবস্থানের ফলে এলাকায় বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে।