আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বেলজিয়ামের জার্সিতে ১৩৫ ম্যাচ খেলে করেছেন ৯৪ গোল। দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। তার ধারেকাছেও নেই দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কেভিন ডি ব্রুইনে। বেলজিয়ামের হয়ে ডি ব্রুইনের গোল ৪১টি।
পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যার হিসাবে লুকাকুর ওপরে আছেন মাত্র চারজন। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪৬), আর্জেন্টিনার লিওনেল মেসি (১২৬), ইরানের আলী দাইয়ি (১০৮) এবং ভারতের সুনীল ছেত্রী (৯৫)।
নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে লুকাকু বলেছেন, ‘জাতীয় দলের জন্য এই ১৬ বছরে নিজের সর্বস্ব দিয়েছি। জীবনের সব ধরনের আবেগের মধ্য দিয়ে গিয়েছি। অসাধারণ সব সতীর্থের সঙ্গে খেলেছি, যাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। কোচদেরও ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে অনুপ্রাণিত করেছেন এবং দলের জন্য খেলার সুযোগ ও আস্থা দিয়েছেন। যাত্রাটা ছিল দারুণ, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’
বেলজিয়ামের সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এই স্ট্রাইকার। তার ভাষায়, ‘জাতীয় দলকে সমর্থন দেওয়ার জন্য বেলজিয়ামের সমর্থকদের ধন্যবাদ। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। সেই মুহূর্তগুলো কখনো ভুলব না। এখানেই থামার সিদ্ধান্ত নিয়ে আমি শান্তিতে আছি। অভিজ্ঞতাটা ছিল অসাধারণ ও উপভোগ্য। আমি কৃতজ্ঞ।’
লুকাকুর অবসরে তাকে শ্রদ্ধা জানিয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশনও। এক বিবৃতিতে তারা বলেছে, ব্যক্তিত্ব, নেতৃত্ব, নিবেদন এবং জাতীয় দলের সঙ্গে গভীর সম্পর্কের কারণে বেলজিয়ামের ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছেন লুকাকু। মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দলে অভিষেক থেকে শুরু করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ মঞ্চে তার পথচলা নতুন প্রজন্মের অসংখ্য ফুটবলার ও শিশুদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
রোববার নেশন্স লিগে ইতালির বিপক্ষে বেলজিয়ামের ৪-১ গোলের জয়ের ম্যাচে অব্যবহৃত বদলি হিসেবে ছিলেন লুকাকু। গত মাসে ফ্রান্সের কাছে ৪-১ গোলে হারের ম্যাচটিই ছিল জাতীয় দলের হয়ে তার শেষ উপস্থিতি। চোটের কারণে সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত খেলতে না পারলেও চলতি গ্রীষ্মের বিশ্বকাপে দারুণ অবদান রেখেছেন তিনি।
নিউজিল্যান্ড, সেনেগাল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল করে বিশ্বকাপে বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও নিজের করে নেন লুকাকু। টুর্নামেন্টে তার গোলসংখ্যা এখন আট। এত দিন সাত গোল নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন মার্ক উইলমটস।
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামকে তৃতীয় স্থান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লুকাকু। এ ছাড়া টানা দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালেও খেলেছে তার দল।
বেলজিয়ামের ক্লাব অ্যান্ডারলেখট দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা লুকাকু খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন, এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডে। ইতালিয়ান সিরি ‘আ’-তে ইন্টার মিলান, এএস রোমা ও নাপোলির হয়েও খেলেছেন তিনি। বর্তমানে তুরস্কের ক্লাব ফেনেরবাচের প্রতিনিধিত্ব করছেন এই বেলজিয়ান তারকা।