শীত যত ঘনিয়ে আসছে, ইউক্রেনের আকাশে তত বাড়ছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা। বিদ্যুৎ অবকাঠামোয় একের পর এক হামলায় দুর্বল হয়ে পড়ছে দেশটির জ্বালানি সরবরাহব্যবস্থা। এতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ।
এমন পরিস্থিতিতে আসন্ন শীত মৌসুমে ইউক্রেনে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেন ৩৮টি দেশের পারমাণবিক নিরাপত্তা নিয়ন্ত্রকরা।
সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা রাশিয়াকে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।
তাদের আশঙ্কা, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে পারমাণবিক চুল্লির ভেতরের জ্বালানি ঠান্ডা রাখার ব্যবস্থা কাজ করা কঠিন হয়ে পড়বে। কারণ, চুল্লি বন্ধ থাকলেও জ্বালানি থেকে তাপ উৎপন্ন হতে থাকে। তাই সেটিকে ঠান্ডা রাখতে নিয়মিত পানি সঞ্চালন করতে হয়।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে পারমাণবিক চুল্লির জ্বালানি ঠান্ডা রাখার ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে। এতে জ্বালানি অতিরিক্ত গরম হয়ে চুল্লির ক্ষতি হতে পারে। একপর্যায়ে চুল্লি থেকে তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এমন ঝুঁকির কথা জানিয়েছে ইউরোপীয় রেডিওলজিক্যাল সুরক্ষা কর্তৃপক্ষের প্রধানদের সংগঠন হেরকা, পশ্চিম ইউরোপীয় পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা ওয়েনরা এবং নর্ডিক রেডিয়েশন সেফটি কর্তৃপক্ষের সংগঠন নোরা।
এসব সংগঠনের প্রতিনিধিরা ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তাদের মতে, সম্প্রতি রাশিয়ার হামলা আরও প্রাণঘাতী হয়ে উঠেছে। বিশেষ করে, বেশি বিস্ফোরক বহনে সক্ষম এবং নির্ভুলভাবে আঘাত হানতে পারে, এমন ড্রোন ব্যবহারের কারণে ঝুঁকি আগের তুলনায় আরও বেড়েছে।
হেরকা ও নোরার প্রধান পার স্ট্র্যান্ড বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে যদি পুরো ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা একসঙ্গে অচল হয়ে পড়ে।
এতে দেশটির চালু থাকা ৯টি পারমাণবিক চুল্লিই ঝুঁকিতে পড়তে পারে। এখনই রাশিয়ার হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব বলে মনে করেন তিনি।
পারমাণবিক দুর্ঘটনার ভয়াবহতা ইউক্রেনের জন্য নতুন নয়। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল দেশটির চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বেসামরিক পারমাণবিক দুর্ঘটনা হিসেবে পরিচিত ওই ঘটনায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে ইউক্রেন, বেলারুশ, রাশিয়া এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে।
আয়োডিন-১৩১, সিজিয়াম-১৩৪ ও সিজিয়াম-১৩৭ ছড়িয়ে পড়ায় দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি হয়।
এদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, গত সপ্তাহে সামরিক তৎপরতার কারণে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে। এতে কয়েকটি চালু পারমাণবিক চুল্লির উৎপাদন কমাতে হয়েছে।
ইউক্রেনে চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এর মধ্যে তিনটি চালু রয়েছে, যা শীতকালে দেশটির মোট বিদ্যুতের প্রায় ৮০ শতাংশ সরবরাহ করে।
অন্যদিকে, ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: রয়টার্স