বাংলাদেশের সঙ্গে শিক্ষা, চীনা ভাষা প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা উন্নয়ন ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণাগার প্রতিষ্ঠা এবং সমন্বিত গবেষণা প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চীনের কুনমিংয়ে ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মা ওয়েনহুই।
বৈঠকে অধ্যাপক মা ওয়েনহুই বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য চীনা ভাষা প্রশিক্ষণ সম্প্রসারণ এবং চীনা ভাষা ও কারিগরি দক্ষতার সমন্বিত পাঠ্যক্রম চালুর প্রস্তুতির কথা জানান। শিক্ষা, চিকিৎসাবিজ্ঞান, জীববিজ্ঞান, পর্যটন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৃবিজ্ঞানেও দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রস্তাব দেন তিনি।
আবদুল খালেক বাংলাদেশের সঙ্গে ইউনান বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের একাডেমিক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ মানসম্মত কারিগরি ও চীনা ভাষা শিক্ষার সম্প্রসারণকে গুরুত্ব দিচ্ছে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও গবেষণায় বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে তিনি বিশ্ববিদ্যালয়টিকে স্বাগত জানান। একই সঙ্গে অধ্যাপক মা ওয়েনহুইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আবদুল খালেক বলেন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে দুই দেশের তরুণ শিক্ষার্থী ও গবেষকেরা উপকৃত হবেন।
এদিন তিনি ইউনান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি মাধ্যমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। সেখানে চীনের বিদ্যালয় পরিচালনা ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে ধারণা নেন। বাংলাদেশের মাধ্যমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে উপযোগী অভিজ্ঞতা কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।








