কুষ্টিয়া শহরের থানা পাড়ায় বাড়ির গেটের সামনে অপেক্ষারত জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে আরেক স্কুলছাত্র ইমনের বিরুদ্ধে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে থানা পাড়ার ক্রিসেন্ট ক্লাবের গলিতে ওই শিক্ষার্থীর ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরে জাকিয়া। এ সময় বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করছিল সে। হঠাৎ কালো শার্ট পরিহিত ইমন গিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল মজমপুর এলাকার ইমন। সেও একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। কোচিংয়ে পড়ার সময় থেকেই জাকিয়াকে উত্ত্যক্ত করত সে। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য বিরক্ত করা বন্ধ করে দেয় ইমন। তবে পরিবারের ধারণা, তার অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে জাকিয়াকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাহাদত হোসেন নামে একজন বলেন, ঘটনার সময় আমি বাসার বারান্দাতে দাঁড়িয়ে ছিলাম। প্রথমে বুঝতে পারিনি, পরে দেখি ছেলেটি ছুরিকাঘাত করছে। আমি সঙ্গে সঙ্গে বের হয়ে চিল্লাচিল্লি করলে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। এসে দেখি মেয়েটি মাটিতে পড়ে আছে। মেয়েটির কাছে এসে দেখি অনেক জায়গায় কেটে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়ছে।
তিনি আরও বলেন, আমি যদি সে সময় বের না হতাম, যেভাবে আঘাত করছিল, মেয়েটি হয়তো বাঁচত না। এমন অবস্থা আমার জীবনে কখনো দেখিনি। সিসিটিভি ফুটেজে দেখলাম, মেয়েকে ছুরি দিয়ে ১০টা স্টেপ করা হয়েছে।
আহত জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ইমন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। আজ আমার মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এসময় ইমন হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আমি বর্তমানে অপারেশন থিয়েটারে অবস্থান করছি। ভুক্তভোগীর অবস্থা ভালো আছে। তার সেলাই চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।